বগুড়ায় বাসে বর্ধিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর থেকে বাসে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে দাবি করেছেন যাত্রীরা। রোববার বগুড়া শহরের একটি টার্মিনালে
ছবি: প্রথম আলো

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে রোববার থেকে বর্ধিত ভাড়া আদায় করছেন বাসমালিকেরা। তবে নতুন ভাড়া কার্যকরের প্রথম দিনেই বগুড়ায় দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

বেশি ভাড়া আদায় করা হচ্ছে দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা। অবশ্য বাসমালিকদের দাবি, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছেন না তাঁরা।

রোববার বগুড়া শহরের সাতমাথা কোচ কাউন্টার, ঠনিঠনিয়া কোচ টার্মিনাল ও চারমাথা আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, বগুড়া-ঢাকা রুটে প্রতি আসনের জন্য নন–এসি বাসে ৫৫০ টাকা, সাধারণ এসি বাসে ৯৫০ ও এসি হুন্দাই বাসে ১ হাজার ৩০০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে।

গত শুক্রবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আগে এ রুটে নন–এসি বাসের ভাড়া ছিল ৪৫০ টাকা, সাধারণ এসি বাসের ভাড়া ছিল ৭০০ ও এসি হুন্দাই বাসে ভাড়া ছিল ১ হাজার ১০০ টাকা।

দুপুর ১২টার দিকে ঠনঠনিয়া কোচ টার্মিনাল থেকে ঢাকায় যাওয়ার জন্য এসআর ট্রাভেলসের নন–এসি বাসের একটি টিকিট নেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাওয়াদ হোসেন।

তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার ঢাকা থেকে নন–এসি বাসে ৪৫০ টাকায় টিকিট কেটে বগুড়ায় এসেছি। এখন ১০০ টাকা ভাড়া বেশি। বগুড়া থেকে ঢাকার দূরত্ব ১৯০ কিলোমিটার। নতুন করে ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটার ২ টাকা ২০ পয়সা। সেই হিসাবে ভাড়া নেওয়ার কথা ৪১৮ টাকা। অথচ সব কাউন্টারে ভাড়া আদায় করা হচ্ছে ৫৫০ টাকা।’

সাতমাথা কাউন্টার থেকে এসআর ট্রাভেলসের এসি হুন্দাই বাসে একটি টিকিট নেন আলমগীর হোসেন। তিনি বলেন, ১ হাজার ১০০ টাকার ভাড়া ছিল, এখন ২০০ টাকা বেশি নেওয়া হচ্ছে।

জানতে চাইলে এসআর ট্রাভেলসের সাতমাথা কাউন্টারের সহকারী ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, বগুড়া-ঢাকা রুটে সরকার নির্ধারিত ভাড়া ছিল ৪৭৩ টাকা। তবে এত দিন ৪৫০ টাকা নেওয়া হতো। জ্বালানি তেলের মূল্য বাড়ায় প্রতি কিলোমিটারে ৪০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। এখন নির্ধারিত ৫৫০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। এসি হুন্দাই ও সাধারণ এসি বাসেও সঠিক ভাড়া নিচ্ছেন বলে জানান তিনি।

বগুড়া-ঢাকা রুটে প্রতিদিন ৪২টি নন–এসি, এসি ও এসি হুন্দাই কোচ চলাচল করে বলে জানিয়েছেন এসআর ট্রাভেলসের ব্যবস্থাপক শাহাদত আলম।

তিনি প্রথম আলোকে বলেন, প্রতি কিলোমিটার ২ দশমিক ২০ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ আসনের কোচের জন্য। এসি হুন্দাই কোচ ২৮ আসনের। আসনসংখ্যার অনুপাতে সমন্বয় করে এসি চার্জ, সেতুর টোল যুক্ত করে ১ হাজার ৩০০ টাকা আদায় করা হচ্ছে। বঙ্গবন্ধু সেতুর টোল ছিল ৯০০ টাকা। ৩০০ টাকা বেড়ে এখন তা ১২০০ টাকা হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়েই ভাড়া বাড়াতে হয়েছে।

এদিকে অভ্যন্তরীণ রুটেও বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে বগুড়া-জয়পুরহাট রুটে ১২৭ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রীদের অভিযোগ, দুই দিন আগেও এই রুটের ভাড়া ছিল ৮০ টাকা।

বগুড়া থেকে নিয়মিত জয়পুরহাটে যাতায়াত করেন কলেজশিক্ষক আবদুল ওহাব। তিনি বলেন, গুগল ম্যাপ অনুযায়ী, বগুড়া থেকে জয়পুরহাটের দূরত্ব ৫৫ কিলোমিটার। আগে ভাড়া নেওয়া হতো ৮০ টাকা। প্রতি কিলোমিটারে ৪০ পয়সা হারে বর্ধিত ভাড়া ১০০ টাকার বেশি হওয়ার কথা নয়। অথচ রোববার থেকে ১২৭ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।

বগুড়া শহরের শাকপালা বাসস্ট্যান্ড থেকে নাটোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, খুলনা, যশোরের বাস চলাচল করে। সেখানে রোববার দিনের বিভিন্ন সময়ে বেশি ভাড়া আদায় নিয়ে চালক-কন্ডাক্টরদের সঙ্গে যাত্রীদের তর্ক হয়েছে।

রোববার শাকপালা কাউন্টার থেকে রাজশাহীর ভাড়া আদায় করা হয়েছে ২৬০ টাকা, খুলনার ভাড়া ১ হাজার , নাটোরের ভাড়া ১৫০, কুষ্টিয়ার ভাড়া ৩৫০, যশোরের ভাড়া ৮০০ ও পাবনার ভাড়া ৩০০ টাকা।

যাত্রীরা জানিয়েছেন, দুই দিন আগেও রাজশাহীর ভাড়া ছিল ২০০ টাকা, খুলনার ৬০০, কুষ্টিয়ার ৩০০, যশোরের ৫০০ ও পাবনার ২৫০ টাকা।

জানতে চাইলে শাকপালার একটি বাস কাউন্টারের ইনচার্জ মিনহাজ আহমেদ বলেন, মালিক সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী বর্ধিত ভাড়া আদায় করতে গিয়ে যাত্রীদের সঙ্গে ঝগড়া করতে হচ্ছে।

বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না দাবি করে শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বগুড়ার জিরো পয়েন্ট সাতমাথা থেকে রাজধানীর কল্যাণপুরের দূরত্ব ১৯১ কিলোমিটার। জ্বালানি তেলের দাম বাড়ার আগে এ রুটে বিআরটিএর নির্ধারিত ভাড়া ছিল ৪৭৩ টাকা। কিন্তু আদায় করা হতো ৪৫০ টাকা। নতুন করে কিলোমিটারে ৪০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। ফলে ৭৭ টাকা যুক্ত হওয়ায় এখন ৫৫০ টাকা করে আদায় করা হচ্ছে।