সাতক্ষীরায় ১৮টি সোনার বারসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক
প্রতীকী ছবি

ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা শহরতলীর বাঁকাল ব্রিজ মোড় থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে মিঠু সরদার (২৩) নামের একজনকে। মিঠু সরদার সাতক্ষীরা শহরের থানাঘাটা এলাকার শওকাত আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম জানান, তাঁরা জানতে পারেন, ভারতে বিপুল পরিমাণ সোনা পাচার করা হবে। পরে আজ সোমবার বেলা একটার দিকে তাঁর নেতৃত্বে পরিদর্শক (অভিযান) ফয়সাল আজিজ বিন তারেক, উপপরিদর্শক (এসআই) মো. শাহজালালসহ এক দল পুলিশ বাঁকাল ব্রিজ এলাকায় অবস্থান নেয়। বেলা দেড়টার দিকে ডিসি ইকোপার্কের দিক থেকে মোটরসাইকেল চালিয়ে এক ব্যক্তি সাতক্ষীরা-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিকে আসার সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁকে থামানো হয়। পরে তাঁর মোটরসাইকেলে তল্লাশি করে সিটের নিচে বিশেষ কায়দায় একটি হলুদ রঙের টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১৮টি সোনার বার জব্দ করা হয়। এ সময় জিজ্ঞাসা করে জানা যায়, আটক ব্যক্তির নাম মিঠু সরদার। তিনি এসব সোনা ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন।

ওসি আবু জিহাদ আরও জানান, পরে ওজন করে দেখা যায়, জব্দ করা ১৮টি সোনার বারের ওজন ২ কেজি ১০০ গ্রাম (১৮০ ভরি), যার মূল্য ১ কোটি ৬৫ লাখ ৬০ হাজার।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার এসআই মো. শাহজালাল বাদী হয়ে মিঠু সরদারকে আসামি করে একটি মামলা করেছেন।