শাশুড়িকে ফোন করে স্ত্রী মারা যাওয়ার কথা জানিয়ে পালিয়ে যান জামাতা
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গভীর রাতে শাশুড়িকে মুঠোফোনে কল করে স্ত্রী মারা যাওয়ার খবর জানিয়ে পালিয়ে গেছেন মেয়েরজামাতা। পরে আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার চন্নাপাড়া গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া গৃহবধূর নাম তাসলিমা আক্তার (২৮)। তিনি শ্রীপুরে একটি কারখানায় চাকরি করতেন। এ ঘটনায় অভিযুক্ত তাঁর স্বামীর নাম আল আমিন (৩৫)।
পুলিশের তথ্য অনুযায়ী, তাসলিমা উপজেলার চন্নাপাড়া গ্রামের রাবেয়া বেগমের বাড়িতে তিন মাস ধরে ভাড়ায় বসবাস করে আসছিলেন। তাঁর স্বামী আল আমিন সাবেক সেনাসদস্য। তিনি প্রায়ই ভাড়া বাড়িতে তাসলিমার কাছে আসতেন। তাসলিমা নেত্রকোনা সদর উপজেলার পাতলি গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে। আর আল আমিনের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার বড়বাড়ি গ্রামে।
তাসলিমা আক্তারের চাচাতো ভাই মো. লাদেন মিয়া প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে তাসলিমার মাকে ফোন দেন আল আমিন। বলেন, ‘আপনার মেয়ে অসুস্থ হয়ে মারা গেছে। তাকে উদ্ধার করেন।’ পরে চন্নাপাড়া গ্রামের ভাড়া বাড়ির মালিকের ছেলেকে ফোন দিয়ে তাসলিমার থাকার ঘরে যেতে বলেন। মালিকের ছেলে ও আশপাশের লোকজন গিয়ে দেখেন, ঘরের বাইরের দিকে দরজা আটকানো। ভেতরে গিয়ে বিছানায় তাসলিমার লাশ দেখতে পান তাঁরা।
লাদেন মিয়া আরও বলেন, ‘আমি খবর পেয়ে বুধবার (আজ) সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে আসি। দরজা খুলে ভেতরে গিয়ে বিছানায় তাসলিমার লাশ পড়ে থাকতে দেখি। মুখে বালিশ ও কাঁথা চাপা দেওয়া ছিল। মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ আসে। তারা লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।’
স্বজনদের দাবি, ১২ এপ্রিল (আজ) তাসলিমার স্বামী আল আমিনের ভারতে যাওয়ার ফ্লাইট ছিল। পূর্বপরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যা করে আল আমিন দেশ ছেড়েছেন। কয়েক বছর আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। পরে তাসলিমার বড় ভাই ও পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি মীমাংসা করে দিয়েছিলেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, ধারণা করা হচ্ছে, আল আমিন পারিবারিক মনোমালিন্যের কারণে তাঁর স্ত্রী তাসলিমাকে মসলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে গেছেন। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।