পিরোজপুরে কাঁচামালবোঝাই ট্রাকের ভারে সেতু ভেঙে পড়ল খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যায় পণ্যবাহী ট্রাক। আজ বুধবার সকালে উপজেলার দেবীপুর এলাকায়ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দেবীপুর এলাকায় কাঁচামালবোঝাই ট্রাকের চাপে আঞ্চলিক সড়কের একটি বেইলি সেতু ধসে খালে পড়ে গেছে। এতে পাশ্ববর্তী বরগুনার পাথরঘাটা উপজেলার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনাসহ একাধিক রুটের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ বুধবার ভোরে উপজেলার সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়িয়ার উদ্দেশে আসা কাঁচামালবোঝাই ট্রাকটি দেবীপুর এলাকার বেইলি সেতু পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। একাধিক প্রত্যক্ষদর্শী ব্যক্তির দাবি, ট্রাকটিতে অতিরিক্ত পণ্য বোঝাই থাকায় সেতুর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। একপর্যায়ে সেতুর মাঝামাঝি অংশ ধসে পড়ে এবং ট্রাকটি খালে পড়ে যায়।

পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল বলেন, খালে পড়ে যাওয়া ট্রাকটি দ্রুত উদ্ধারের জন্য কাজ চলছে। জনদুর্ভোগ কমিয়ে যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় প্রশাসনিক ও অন্যান্য আইনি কার্যক্রমও চলমান আছে।