কিস্তিতে কিনেছিলেন অটোরিকশা, পুলিশ পরিচয়ে দিনদুপুরে অজ্ঞান করে ছিনতাই

অটোরিকশা হারিয়ে কান্নায় ভেঙে পড়েন চালক মো. জামাল। গতকাল রোববার বিকেলে দাউদকান্দি উপজেলার বাড়াগাঁও গ্রামেছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশ পরিচয়ে দিনদুপুরে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে উপজেলার হাসানপুর-বৌবাজার সড়কের হাসানপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে।

অটোরিকশাচালক মো. জামাল দাউদকান্দি উপজেলার বাড়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি গতকাল রাতে দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন এবং বিষয়টি দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারকে জানান।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) এহসানুল হক প্রথম আলোকে বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর থেকেই অটোরিকশাটি খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে যে সড়কে ছিনতাই হয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা না থাকায় ছিনতাইকারীদের শনাক্ত করতে কষ্ট হচ্ছে।

অটোরিকশাচালক মো. জামাল প্রথম আলোকে বলেন, তিনি গতকাল সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার এলাকায় যানজট ছিল। তিনি রিকশাটি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাইজপাড়া এলাকায় পৌঁছালে পুলিশের পোশাক পরা দুজন তাঁর রিকশায় ওঠেন। তাঁদের হাতে ওয়াকিটকি ছিল। তাঁরা পথে পথে যানজট নিরসনে কাজ করতে থাকেন। মহাসড়কের হাসানপুর এলাকায় পৌঁছার পর মহাসড়ক ছেড়ে উপজেলার বৌবাজারের দিকে তাঁরা যেতে বলেন। কিছুদূর যাওয়ার পর হাসানপুর গ্রামের কাছে পৌঁছালে চালককে ১০০ টাকা ভাড়া দেন। চালক টাকা হাতে নেওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরলে দেখেন, তাঁর অটোরিকশাটি ছিনতাই হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাতে দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন।

মো. জামাল কান্নাজড়িত কণ্ঠে বলেন, এক মাস আগে কিস্তিতে ১ লাখ ৮০ হাজার টাকায় রিকশাটি কিনেছেন। প্রতি মাসে তাঁকে ১৫ হাজার টাকা কিস্তি দিতে হবে। এমন অবস্থায় অটোরিকশাটি হারিয়ে তিনি দিশাহারা হয়ে পড়েছেন।