বিরামপুরে খেলার মাঠে পাওয়া আঘাতে ফুটবলারের মৃত্যু
আর কোনো দিন মাঠের রক্ষণভাগে প্রতিপক্ষের খেলোয়াড়ের জন্য বাধা হয়ে দাঁড়াবেন না রবিন টপ্য (২৪)। কিংবা পায়ের অসাধারণ নৈপুণ্য দেখিয়ে প্রতিপক্ষের জালে গোল দেবেন না এই তরুণ ফুটবলার। কারণ, খেলতে গিয়ে পাওয়া আঘাতে মৃত্যু হয়েছে তাঁর।
গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রবিনের মৃত্যু হয়। রবিনের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নে। গত ২০ মার্চ বিরামপুর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সময় গুরুতর আঘাত পেয়েছিলেন রবিন।
রবিন কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের দিনমজুর সুরেন টপ্যের ছেলে। তিনি স্থানীয় কাটলা ক্রীড়া একাডেমির হয়ে সেন্টার ব্যাক পজিশনে খেলতেন। রবিনের সতীর্থ খেলোয়াড়দের কাছ থেকে জানা গেছে, ২০ মার্চ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিরামপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। পৌরসভা একাদশের বিপক্ষে কাটলা ক্রীড়া একাডেমি একাদশের হয়ে খেলছিলেন রবিন। খেলার প্রথমার্ধে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ধাক্কায় রবিন তাঁর ঘাড় ও মেরুদণ্ডে আঘাত পান।
এরপর তৎক্ষণাৎ রবিনকে উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে রবিনের অবস্থার অবনতি হলে পরদিন ভোরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে চিকিৎসাধীন রবিনের মৃত্যু হয়।
কাটলা ক্রীড়া একাডেমির পরিচালক মশিউর রহমান মিঠু প্রথম আলোকে বলেন, ‘আমাদের টিম (দল) থেকে একজন উদীয়মান খেলোয়াড় এভাবে হারিয়ে যাবে, এটা আমরা ভাবতেই পারছি না। তাঁর মৃত্যুতে আমাদের টিমের মধ্যে একটি শূন্যতা তৈরি হলো, যা সহজে পূরণ হবে না।’