কাপ্তাই সড়কে বাস-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, দুই বাসে আগুন

চট্টগ্রাম–কাপ্তাই সড়কে দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ লোকজন দুটি বাসে আগুন ধরিয়ে দেয়ছবি: প্রথম আলো

চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাউজানে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের মিয়ারঘাটা ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক মুহাম্মদ নজরুল ইসলাম (৪০) উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠান।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, কাপ্তাই রাস্তার মাথাগামী একটি অটোরিকশার সঙ্গে কাপ্তাইগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নজরুল ইসলাম মারা যান।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত সৌদিয়া পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি কর্ণফুলী পরিবহনের আরেকটি বাসেও আগুন দেওয়া হয়। রাত পৌনে ১২টা পর্যন্ত দুটি বাস জ্বলছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুন ভুঁইয়া রাত ১২টার দিকে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় অটোরিকশাচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরে বিক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন দেয়।