নিজ কার্যালয়ে কলেজছাত্রকে পেটালেন ইউপি চেয়ারম্যান
যশোরের মনিরামপুর উপজেলায় এক কলেজছাত্রকে প্রকাশ্যে পেটানোর অভিযোগ উঠেছে হরিদাসকাটি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আলমগীর কবির ওরফে লিটনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বারান্দায় লাঠি দিয়ে ওই কলেজছাত্রকে পেটান তিনি। এরপর তাঁকে পুলিশে সোপর্দ করেন আলমগীর কবির।
মারধরের শিকার কলেজছাত্রের নাম আবদুল্লাহ আল মামুন ওরফে বাবু (১৭)। সে উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের কাটাখালী গ্রামের আমজাদ মোল্লার ছেলে এবং উপজেলার মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
ইউপি চেয়ারম্যান আলমগীর কবিরের অভিযোগ, আবদুল্লাহ মেয়েদের ফুটবল খেলা চলার সময় গোলপোস্টের সামনে মোটরসাইকেল নিয়ে ঢোকার পর পড়ে যায়। সে ইচ্ছাকৃতভাবে এটা করেছে। তবে নিজেকে ছাত্রলীগের কর্মী দাবি করা কলেজছাত্র আবদুল্লাহ বলে, গত ইউপি নির্বাচনে সে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করায় আক্রোশ থেকে তাকে পিটিয়েছেন ইউপি চেয়ারম্যান।
আলমগীর কবির হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ইউপি নির্বাচনে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়ী হন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় পরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওিতে দেখা গেছে, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বারান্দায় সাদা ফুলশার্ট পরা এক ব্যক্তি ফুল শার্ট ও মাথায় কালো ক্যাপ পরা একটি ছেলেকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন।
আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে জানায়, মঙ্গলবার সকালে হোগলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেয়েদের ফুটবল খেলা চলছিল। মাঠের এক পাশে ইউনিয়ন পরিষদ কার্যালয়। সকাল ১০টার দিকে এলাকার প্লাবন মল্লিককে নিয়ে মোটরসাইকেলে করে খেলা দেখতে যায় সে। ফেরার সময় প্লাবন মোটরসাইকেল চালিয়ে রাস্তায় উঠতে গিয়ে মাঠের বাইরে মোটরসাইকেল থেকে পড়ে যায়। ওই সময় সে মোটরসাইকেলে ছিল না। এরপর চৌকিদার প্লাবন ও তাকে ধরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যান। সেখানে ইউপি চেয়ারম্যান আলমগীর কবির বাঁশের লাঠি দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে পেটাতে থাকেন। একপর্যায়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে নিয়ে দরজা আটকে ইউপি চেয়ারম্যান ও আরও তিনজন লোহার রেঞ্জ দিয়ে তার বাঁ হাতে পেটান। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আবদুল্লাহ আল মামুন আরও বলেন, পুলিশ তাকে প্রথমে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। এরপর থানায় নেওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে ছেড়ে দেয়। বর্তমানে সে অসুস্থ। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান আলমগীর কবিরের মুঠোফোনে কল করলে ফারুক হোসেন নামের এক ব্যক্তি কল ধরে বলেন, ‘চেয়ারম্যান একটু বাইরে আছেন। পরে কল করেন।’ পরে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
তবে ইউপি চেয়ারম্যান আলমগীর কবির সাংবাদিকদের বলেন, ‘বাবু মোটরসাইকেল চালিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে বেড়ায়। গতকাল সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদের মাঠে মেয়েদের ফুটবল খেলা চলছিল। তখন সে মোটরসাইকেল চালিয়ে গোলপোস্টের সামনে ঢুকে পড়লে মেয়েদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ তাড়া করে তাকে ধরে আনেন। পরিস্থিতি সামাল দিতে তাকে লাঠি দিয়ে দু-তিনটি আঘাত করি। এরপর র্যাব ও পুলিশে খবর দিই। পরে থানা–পুলিশ তাকে নিয়ে যায়।’
আলমগীর কবির আরও বলেন, ‘দুই দিন আগে ডাকযোগে আমার ঠিকানায় একটি উড়ো চিঠি আসে। সেখানে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে সাত দিনের মধ্যে হত্যার হুমকি দেওয়া হয়। আবদুল্লাহ আল মামুন এ চক্রের সঙ্গে জড়িত।’
হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাঁড়ে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আবদুল্লাহ ছাত্রলীগের কর্মী হিসেবে আমার নির্বাচন করেছে। তিন-চার দিন ধরে বর্তমান চেয়ারম্যান আবদুল্লাহকে তার দলে যোগ দেওয়ার জন্য বলছিলেন। সে রাজি না হওয়ায় নাটক সাজিয়ে রাস্তা থেকে ধরে নিয়ে ছেলেটাকে পেটানো হয়েছে।’
জানতে চাইলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী বলেন, আবদুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগের বিষয়ে তেমন কিছু পাওয়া যায়নি। তাকে তার মা-বাবার জিম্মায় দেওয়া হয়েছে।