সিলেট সিটির নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী (আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী) আচরণবিধি লঙ্ঘন করে ভোররাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। একের পর এক আচরণবিধি লঙ্ঘন করা হলেও নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তারা সব দেখেও না দেখের ভান করছেন বলে অভিযোগ করেছেন তিনি। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সিলেট নগরের কুমারপাড়া এলাকার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসে অভিযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল। এ সময় তিনি বলেন, ‘নানাভাবে আমাকে চাপের মধ্যে রাখা হচ্ছে। মাঠে থাকা জাতীয় পার্টির নেতা-কর্মীদের চোখ রাঙানি দেওয়া হচ্ছে। আমাদের কর্মসূচিতে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আড়াল থেকে নির্বাচনী মাঠে থাকা জাতীয় পার্টির নেতা–কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডে স্পষ্ট প্রমাণিত হয়, তারা আমাদের গৃহবন্দী করে রাখতে চায়। দিন যতই যাচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে এ ব্যাপারে বারবার অভিযোগ দিয়েও কোনো লাভ হচ্ছে না। মাঠে থাকা প্রশাসন বরং আমার ওপরই কড়াকড়ি আরোপ করছে।’
নজরুল ইসলাম বলেন, মঙ্গল ও বুধবার দুদিন সশরীর তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ নানা বিষয় উপস্থাপন করেছেন। কিন্তু এখনো কমিশনের ঘুম ভাঙছে না। তিনি আরও বলেন, সিলেটের নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সরকারদলীয় প্রার্থী ক্রমাগত নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে ভোররাত পর্যন্ত নির্বাচনী সভা, পথসভা, গণসংযোগ, মিছিল–মিটিং অব্যাহত রেখেছেন। নির্বাচন কমিশন প্রচারণার যে নিয়ম বেঁধে দিয়েছে, তার কোনো তোয়াক্কা করছেন না তিনি।
বরিশাল সিটি নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্যে আতঙ্কিত হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘একজন প্রার্থী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য শুনে আমি নিজেই আতঙ্কিত। সিইসির যেখানে নিরপেক্ষ মাঠ প্রস্তুত রাখার কথা, সেখানে তিনি সরকারদলীয় প্রার্থীর পক্ষে সাফাই গাইছেন। সিলেট সিটি নির্বাচনে কী হয় আল্লাহ-ই জানে।’
জাতীয় পার্টির প্রার্থী আরও বলেন, বরিশালের ঘটনায় সিলেটের ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাহমুদুল হাসান নির্বাচন বর্জন করেছেন। এখন মাঠে তাঁকেই টার্গেট করছেন সরকারদলীয় প্রার্থী ও নেতা-কর্মীরা। টার্গেট করে তাঁকে সরানোর চেষ্টা চলছে। তবে জীবন গেলেও তিনি ভোটের মাঠ ছাড়বেন না মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, চলমান সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হলে দেশ-বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তা না হলে সিলেটের ইতিহাসে এটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে।
এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘সিলেটে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিক রয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়ার মতো এমন কোনো পরিবেশ তৈরি হয়নি। সিলেটে এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচনের সব প্রার্থী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করি ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচন কমিশন যেভাবে শৃঙ্খলার মধ্যে নির্বাচন পরিচালনা করছে, সেভাবে পরিচালিত হবে। সব দিক দিয়ে সিলেটের নির্বাচন সহনীয় পর্যায়ে রয়েছে। আশা করি শেষ দিন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এটি অব্যাহত থাকবে।’
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদেরের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মুঠোফোনে আজ একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা তারেক আহমদ বলেন, তিনি অভিযোগগুলোর ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলবেন।
জাতীয় পার্টির মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সদস্যসচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর শাখার সদস্যসচিব আবদুস শহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।