জঙ্গল সলিমপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহতের অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছেলের ছুরিকাঘাতে নুরু উল্লাহ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর গ্রামের ছিন্নমূল ৫ নম্বর সমাজ এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছেলের নাম মো. সাইফুল্লাহ (৩০)। ঘটনার পর থেকে তিনি পলাতক।
পুলিশ জানায়, নিহত নুরু উল্লাহর বাড়ি কক্সবাজারের মহেশখালীতে হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করছিলেন। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। প্রায় তিন মাস আগে পারিবারিক কলহের কারণে সাইফুল্লাহর স্ত্রী বাবার বাড়িতে চলে যান।
এর পর থেকে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। শনিবার বিকেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সাইফুল্লাহ ছুরি দিয়ে বাবাকে আঘাত করেন। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন নুরু উল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহেল রানা প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়েছে। অভিযুক্ত সাইফুল্লাহ এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করা হবে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।