বাবা ও দুই মেয়ের মরদেহের পাশে পড়ে ছিল চিরকুট

বাঁশখালী থানাছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে বাবা ও যমজ দুই মেয়ের মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট খুঁজে পেয়েছে পুলিশ। চিরকুটটি এ ঘটনার তদন্তের জন্য জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ার একটি ঘর থেকে তিনজনের মরদেহ এবং চিরকুটটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহের একটি মো. জাহেদ হোসেনের (৫০)। তিনি উপজেলার চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল আজানী পাড়ার বদিউল আলমের ছেলে। যে ঘর থেকে মরদেহ উদ্ধার হয়েছে, সেটি তাঁর শ্বশুরবাড়ি। উদ্ধার হওয়া অপর দুটি মরদেহ তাঁর যমজ দুই মেয়ে জারিন জান্নাত ও জাসিয়া জান্নাতের। তাদের বয়স ছিল পাঁচ মাস।

একটি কক্ষে ঘরের বিমের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাহেদের মরদেহ উদ্ধার করা হয়। একই কক্ষে খাটের পাশে মেঝেতে দুই শিশুর মরদেহ পড়ে ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিশুদের একজনের মরদেহের পাশে একটি টিকা কার্ড এবং অন্যজনের পাশে চিকিৎসকের একটি ব্যবস্থাপত্র পড়ে রয়েছে। সেখানে একটি চিরকুটও পাওয়া যায়।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, যমজ দুই মেয়েকে বালিশচাপা দিয়ে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন। তাঁর সঙ্গে শাশুড়ি ও স্ত্রীর পারিবারিক কলহ ছিল। পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া চিরকুটটি মো. জাহেদ লিখেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। চিরকুটটিতে শাশুড়ির কাছে ২ লাখ ৬০ হাজার টাকা পাওয়ার কথা উল্লেখ রয়েছে। চিরকুটে লেখা ছিল, ‘আমাদের মৃত্যুর জন্য আমার শাশুড়ি দায়ী’।

জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘আমাদের ধারণা, জাহেদ হোসেন আত্মহত্যা করলেও এর আগে তিনি দুই শিশুকে হত্যা করেছেন। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মরদেহ পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়া চিরকুটটি পুলিশের কাছে রয়েছে। আমাদের ধারণা, চিরকুটটি জাহেদেরই লেখা।’

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জাহেদ ১২ বছর বিদেশে ছিলেন। দেশে ফিরে প্রথমে বিয়ে করলেও সেই সংসার স্থায়ী হয়নি। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দেড় বছর আগে পুঁইছড়ি ইউনিয়নের শামশুল আলমের মেয়ে আফিয়া বেগমকে (২৫) বিয়ে করেন তিনি। বিয়ের পর প্রথম তিন মাস তাঁরা চট্টগ্রাম নগরের একটি ভাড়া বাসায় থাকতেন। পরে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন জাহেদ। স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ ছিল তাঁর। তিনি বেকার ছিলেন।

গতকাল দুপুরে জাহেদের স্ত্রী আফিয়া বেগম (২৫) স্বামী ও দুই সন্তানকে ঘরে রেখে বাইরে যান। বিকেলে ঘরে ফিরে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘরের বিমের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাহেদের মরদেহ দেখতে পান। একই কক্ষে খাটের পাশে মেঝেতে দুই শিশুর মরদেহ পড়ে ছিল।