সাংবাদিক আবদুল হাকিম হত্যা
তদন্ত দ্রুত শেষ, ৬ বছরেও শুরু হয়নি বিচার কার্যক্রম
বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন, ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের জন্য পাঁচবার শুনানির তারিখ ধার্য করলেও আসামিপক্ষ সময় প্রার্থনা করে যাচ্ছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম হত্যার ছয় বছর পার হয়েছে। তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তবে ছয় বছর পরও এই মামলার বিচার শুরু হয়নি।
বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন, মামলাটি বিচারের জন্য রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে রয়েছে। ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের জন্য পাঁচবার শুনানির তারিখ ধার্য করলেও আসামিপক্ষ সময় প্রার্থনা করে যাচ্ছে। ফলে এখনো অভিযোগ গঠন করা হয়নি।
২০১৭ সালের ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে শাহজাদপুরে সমকাল-এর প্রতিনিধি আবদুল হাকিম ওরফে শিমুল খুন হন। নিহত সাংবাদিকের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে শাহজাদপুর পৌরসভার তৎকালীন মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক ওরফে মিরুকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করেন। এই মামলায় ২০১৭ সালের ২ মে হালিমুলসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। অন্য আসামিদের মধ্যে আছেন হালিমুলের দুই ভাই ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী।
বাদীপক্ষের আইনজীবী আবুল কাশেম মিয়া বলেন, ২০১৮ সালের ২২ জানুয়ারি শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমলি আদালত) থেকে শিমুল হত্যা মামলাটি সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে (বিচারিক আদালত) পাঠানো হয়। আদালত পর্যায়ক্রমে সাতবার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করলেও আসামিপক্ষ নানা অজুহাতে সময়ের প্রার্থনা করে বাধা সৃষ্টি করেছে। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ হত্যা মামলাকে চাঞ্চল্যকর উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে। এরপর মামলাটি বিচারের জন্য রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায়।
ট্রাইব্যুনালের বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের জন্য পর্যায়ক্রমে পাঁচবার শুনানির তারিখ ধার্য করা হয়েছে। তবে আসামিপক্ষ প্রতিবারই নানা কৌশলে দু-একজন আসামিকে গর হাজির দেখিয়ে সময় প্রার্থনা করে অভিযোগ গঠনে বাধা সৃষ্টি করেছে। এ ছাড়া আসামিপক্ষ হালিমুল হকের স্ত্রীর দায়ের করা বাড়িঘর ভাঙচুরের মামলাসহ দুটি মামলার নথি দ্রুত বিচার ট্রাইব্যুনালে তলবের আবেদন করেন। কিন্তু শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক তা নামঞ্জুর করেন। পরে ওই আদেশ চ্যালেঞ্জ করে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করে। তখন হাইকোর্টের একটি বেঞ্চ আবদুল হাকিম হত্যা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন।
রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এন্তাজুল হক প্রথম আলোকে বলেন, আসামিপক্ষের নানা কূটকৌশলে হত্যা মামলাটির বিচার গত ছয় বছরেও শুরু করা যায়নি। বর্তমানে মামলার বাদীপক্ষও এ বিষয়ে খোঁজখবর না করায় এটি পড়ে আছে। তবে বাদীপক্ষ সোচ্চার হলে আগামী ৩০ দিনের মধ্যে মামলাটির বিচারকাজ শেষ করা সম্ভব।
এদিকে ছয় বছরেও আবদুল হাকিম হত্যা মামলার বিচার শুরু না হওয়ায় তাঁর স্বজনদের মধ্যে বিচার না পাওয়ার নানা সংশয় ও হতাশা দেখা দিয়েছে। আবদুল হাকিমের স্ত্রী নুরুন্নাহার খাতুন দুই সন্তান নিয়ে বগুড়া শহরে ভাড়াবাসায় থাকেন। নুরুন্নাহার বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় রাষ্ট্রায়ত্ত এসেন্সিয়াল ড্রাগ কোম্পানিতে শ্রমিক পদে কর্মরত। সেখানে কাজ করে কোনোরকমে চলছে তাঁদের সংসার। নুরুন্নাহার খাতুন বলেন, ‘বর্তমান অবস্থায় চাকরি করে মামলাটি সঠিকভাবে দেখভাল করতে পারছি না। আগে যাঁরা আমাকে মামলার বিষয়ে সহায়তা করেছেন, তাঁরা এখন আর নেই। এ কারণে চরম সমস্যার মধ্যে আছি।’