গাজীপুর সিটি
জলাবদ্ধতায় অবরুদ্ধ ১২ পরিবার, ভোগান্তি
জায়গাটি নিচু, কিন্তু চারপাশ উঁচু। নোংরা পানি ও স্থানীয় কারখানার তরল বর্জ্য জমে সৃষ্টি হয়েছে নোংরা পরিবেশ।
রাবেয়া খাতুনের বয়স প্রায় ৬০। জরাজীর্ণ আর স্যাঁতসেঁতে বিছানায় শুয়ে আছেন। ঘরের মেঝেতে পানি। ঘর থেকে বের হতে পাড়ি দিতে হয় হাঁটুপানি। এলাকার নালা-নর্দমা ও কারখানার তরল বর্জ্যে অবরুদ্ধ তাঁর মতো আরও ১২টি পরিবারের সদস্যরা। তিন বছর ধরে একইভাবে দুর্ভোগের মধ্যে জীবন যাপন করছেন তাঁরা।
এ চিত্র গাজীপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের নাওজোড় মোল্লাপাড়া আমতলী এলাকার। জায়গাটি নিচু, কিন্তু চারপাশ উঁচু। ফলে ড্রেনের নোংরা পানি ও স্থানীয় কারখানার তরল বর্জ্য জমা হচ্ছে ওই পরিবারগুলোর বাড়িঘরসহ চারপাশে।
পানিতে অবরুদ্ধ থাকা চান মিয়া বলেন, ‘আমার ঘরে পানি। আপনি নিজেই দেখছেন হাঁটুপানি পার হয়ে যেতে হয় বাড়িতে। আপনারা বলেন সিটি করপোরেশনের বাসিন্দা হয়ে আমাদের মতো এমন মানবেতর জীবন যাপন কেউ করে। কিন্তু কেউ প্রতিকারের পথ দেখায় না। পরিবার–পরিজন নিয়ে খুবই কষ্টে আছি।’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের নাওজোড় মোড় থেকে এক কিলোমিটার দূরে ইসলামপুর-মোল্লাপাড়া রোড। ওই রোড ধরে কয়েক মিনিট হেঁটে একটু সামনে এগোলেই আমতলা এলাকা। ওই এলাকায় রাস্তার ডানে কয়েকটি পরিবার জলাবদ্ধতায় আটকে আছে। কারও বাড়িতে হাঁটুপানি, কারও শোবার ঘরে পানি, কারও উঠানে পানি। এসব বাড়িতে যাওয়ার জন্য নেই কোনো রাস্তা। বাড়িতে প্রবেশ করতে হাঁটু অবধি নোংরা পানি মাড়িয়ে বাড়িতে যেতে হয়। জলাবদ্ধতার কারণে এসব বাড়ির ভাড়াটেরা বাসা ছেড়ে দিয়েছেন। বেশির ভাগ ঘর ফাঁকা পড়ে আছে।
ওই এলাকার বাসিন্দা জাহিদ হাসান বলেন, ‘প্রতিনিয়তই পাশের ড্রেনের পানি বাড়িঘরসহ আশপাশে চলে আসছে। আমাদের সব কটি পরিবারের অনেক ভাড়াটিয়া ছিল। ঘরভাড়ার আয় দিয়েই আমাদের সংসার চলে। কিন্তু ঘরে পানি ওঠায় সব ভাড়াটিয়া চলে গেছে।’
গাজীপুর সিটি করপোরেশন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিল শোয়েব আল আসাদ ওরফে মনির। তিনি বলেন, ‘আমি বহু চেষ্টা করেছি পরিবারগুলোর সমস্যা সমাধান করতে, কিন্তু পারিনি। সেখানে দুটি পক্ষ রয়েছে রাস্তা ড্রেন করতে গেলে বাধা দেয়। এ ছাড়া ওই কারখানার লোকজন আমার কথা শুনবে না। সত্যি বলতে আমি অপারগ। একটিমাত্র বাড়ির কারণে রাস্তার কাজ কমপ্লিট হচ্ছে না। তারা নাকি হাইকোর্টে রিট করেছেন। ভারপ্রাপ্ত মেয়রও এখানে এসেছিলেন, তাতেও কোনো সমাধান হয়নি।’
আমতলা এলাকার বাসিন্দা সালেহা খাতুন বলেন, ‘ড্রেনের পানি আমাগো বাড়ির দিকে ছাইড়া দিছে। এহন পানির মধ্যে দিয়াই যাওন লাগে। আমাগো কতা হোনারও কেউ নাই, দেহারও কেউ নাই। কত কষ্ট কইরা যে বাইচা রইছি, হেইডা ওপরওলায় ভালো জানে। তিনটা বছর ধইরা কষ্ট করতাছি। পোলাপানগো স্কুলে যাইতে কষ্ট অয়। ঘরের মধ্যে পানি চইল্লা গেছে।’