রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে ভুট্টাখেতে পড়ে ছিল শিশু, ‘অবস্থা আশঙ্কাজনক’
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক স্কুলছাত্রীকে রক্তাক্ত অবস্থায় ভুট্টাখেত থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, শিশুটিকে মারধর করে তার কানে থাকা সোনার দুল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিশুটিকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিশুটির অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ইসলাম বলেন, শিশুটির কান, মুখ, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তবে পরিবারের অভিযোগ না থাকায় ধর্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। শুধু ক্ষতের চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য, শিশুটির বাবা গতকাল সকালে দিনমজুরের কাজে বাইরে ছিলেন। মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাড়ির পাশের সড়কে একা খেলছিল। তখন কয়েকজন দুর্বৃত্ত তাকে জোর করে পাশের ভুট্টাখেতে নিয়ে যায়। সেখানে তার কানের দুল ছিনিয়ে নিয়ে হত্যার চেষ্টা করা হয়। শিশুটিকে সড়কে না দেখে খোঁজাখুঁজি শুরু করা হয়।
শিশুটির চাচা জানান, বাড়ির পাশের ভুট্টাখেত থেকে সংজ্ঞাহীন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আবদুল হালিম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।