পাথরঘাটায় ভিজিডির এক টন চাল বেচে দেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
বরগুনার পাথরঘাটা উপজেলায় দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির এক টন (এক হাজার কেজি) চাল বেচে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের রাজমিস্ত্রি জাকির হোসেনের বাড়িতে ওই চাল পাওয়া যায়।
জাকির হোসেনের স্ত্রী রুমা বেগম দুপুরে প্রথম আলোকে বলেন, ৩৩টি বস্তায় থাকা ওই চাল নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের এক সদস্যের কাছ থেকে তাঁর স্বামী ৪২ হাজার টাকায় কিনেছেন।
অভিযোগের বিষয়ে নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান হাসানের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ধরেননি। পাথরঘাটা উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের মুঠোফোনে কল করেও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার প্রথম আলোকে বলেন, ‘অভিযোগটি আমিও শুনেছি। তবে এ চাল কোন প্রোগ্রামের, তা নিশ্চিত করে বলা গেলে ব্যবস্থা নেওয়া যেত। টিআর ও কাবিখার চাল বিক্রি করা যায়। ওই চাল কোন প্রোগ্রামের, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’
নিজলাঠিমারা গ্রামের বাসিন্দা মহিউদ্দিন সিকদার ও শফিকুল ইসলামসহ একাধিক ব্যক্তি বলেন, ‘পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইমরান হাসান ওরফে জিয়ার কাছ থেকে ভিজিডির এক টন চাল কেনেন রাজমিস্ত্রি জাকির হোসেন। এতে মধ্যস্থতা করেন স্থানীয় জাহাঙ্গীর হোসেন। পরে আজ দুপুরে জাকির হোসেনের বাসায় ৩৩ বস্তা চাল (প্রতি বস্তায় ৩০ কেজি করে) আনা হলে আমরা লোকজন নিয়ে বাধা দিই। পরে তাঁরা জানান, এ চাল জাকির হোসেন কিনেছেন। কিন্তু চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের মনোগ্রামসহ “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” সিল রয়েছে।’
চালের ক্রেতা জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি এ চাল ৪২ হাজার টাকায় কিনেছি। আজ সকালে পাথরঘাটা খাদ্যগুদাম থেকে ছাড়িয়েও এনেছি। তবে এ চাল ভিজিডির কি না, তা আমার জানা নেই। আমি মনে করেছি, ইউপি সদস্য ইমরান হাসান রাস্তার টিআরের চাল বিক্রি করেছেন।’