টাকার কাছে বিক্রি না হয়ে ধানের শীষে ভোট দিন: হাবিব উন নবী

ময়মনসিংহের গফরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান। রোববার বিকেলে ইসলামিয়া সরকারি হাইস্কুল মাঠেছবি: প্রথম আলো

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, গফরগাঁওয়ের মানুষ টাকার কাছে বিক্রি হয় না, আদর্শ ও নীতির কাছে বিক্রি হয়। দলের বাইরে গিয়ে এমপি, মন্ত্রী, এমনকি প্রেসিডেন্ট পর্যন্ত হারিয়ে গেছে। দুধের স্বাদ ঘোলে মিটবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামানের নির্বাচনী জনসভায় গতকাল রোববার বিকেলে এ কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান। গফরগাঁও পৌর এলাকার ইসলামিয়া সরকারি হাইস্কুল মাঠে জনসভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তিনি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এ দেশের সৌরশক্তি উল্লেখ করে ওই জনসভায় হাবিব উন নবী খান বলেন, ‘তিনি (তারেক রহমান) প্রধানমন্ত্রী হলে গফরগাঁওয়ে উন্নয়নের আলো ছড়াবে বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান। ধানের শীষে ভোট দিন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শরিক হোন। টাকার কাছে বিক্রি না হয়ে ধানের শীষে ভোট দিন।’

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ওই জনসভায় আরও বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোফাখখারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক প্রমুখ।

বিএনপির প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামানসহ ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে মোট ৯ জন প্রার্থী ভোটের মাঠে আছেন। তাঁর সঙ্গে বিএনপির বিদ্রোহী প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) আবু বকর সিদ্দিকুর রহমান ও জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইসমাঈলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস দিয়েছেন স্থানীয় ভোটাররা।