সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের

এলাকাবাসী দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও তা পূরণ হয়নি। তাঁদের ভোগান্তিও শেষ হয়নি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় খেয়ানৌকায় কুমার নদ পাড়ি দিচ্ছেন এলাকার লোকজন। গত শনিবার আড়ুয়াকান্দি ঘাটে
ছবি: প্রথম আলো

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভেতর দিয়ে বয়ে গেছে কুমার নদ। আড়ুয়াকান্দি-বিষ্ণুদিয়া ঘাটে খেয়ানৌকায় নদ পারাপার হন এলাকার লোকজন। দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও তা পূরণ হয়নি। ফলে তাঁদের ভোগান্তিরও শেষ হয়নি।

শৈলকুপা উপজেলা শহর থেকে একটি পাকা সড়ক ফাদিলপুর বাজার হয়ে ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে মিশেছে। সড়কটি কুমার নদের ধার ঘেঁষে চলে গেছে। এই নদের ওপর শৈলকুপা শহরে দুটি সেতু রয়েছে। আর ১২ কিলোমিটার দূরত্বে হাটফাদিলপুর রয়েছে আরেকটি সেতু। মাঝে আড়ুয়াকান্দি ও বিষ্ণুদিয়া ঘাট পার হতে হয় খেয়ানৌকায়।

গত শনিবার গিয়ে দেখা যায়, নৌকায় করে নদ পার হচ্ছেন এলাকার লোকজন। খেয়াঘাটে বসে কথা হয় আড়ুয়াকান্দি গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, নদের উত্তরে বিষ্ণুদিয়া, দামুকদিয়া, মাধবপুর, দোহা-নাগিরাট, শিতালী, দলিলপুর, কমলনগর, বগুড়া, লাঙ্গলবাঁধ, নন্দিরগাতি, ধাওড়া, ধলহরাচন্দ্র, বরিয়া, ছাঁইভাঙ্গা, কুশবাড়িয়া প্রভৃতি গ্রাম রয়েছে। আর দক্ষিণে রয়েছে আড়ুয়াকান্দি, রয়েড়া, ভান্ডারীপাড়া, বকশীপুর, শেখড়া, গোপালপুর, বাগুটিয়া, নাকোইল, ফলিয়া, রঘুনন্দনপুর, আশুরহাট, নিত্যানন্দপুর, সাবাসপুর ও হাটফাজিলপুর। খেয়াঘাটের দুই পাশের অন্তত ৪০টি গ্রামের মানুষ পারাপার হন।

খেয়াঘাটের পাশে রয়েছে আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উমেদপুর মাধ্যমিক বিদ্যালয়, উমেদপুর বালিকা বিদ্যালয়, বাগুটিয়া জরিপ বিশ্বাস কলেজ ও বিষ্ণুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আরও গড়ে উঠেছে সীমান্ত বাজার, নাগিরহাট বাজার, রয়েড়া বাজার, বকশিপুর বাজার ও শেখরা বাজার।

স্থানীয় বাসিন্দা জামির হোসেন বলেন, এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার রয়েছে। কিন্তু মানুষের একটাই কষ্ট, কুমার নদের ওপর সেতু নেই। ঝুঁকি নিয়ে তাঁদের ও ছেলেমেয়েদের এই ঘাট পার হতে হয়। এতে নদের পানি বেড়ে গেলে প্রায়ই নৌকায় পানি উঠে যায়। এতে স্কুলগামী বাচ্চাদের কাপড় ভিজে যাওয়ার ভয়ে প্রায়ই স্কুল বন্ধ রাখতে হয়। আবার পানি কমে গেলে নৌকা চলে না। তখন বাঁশের সাঁকো তৈরি করতে হয়। এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হয় শিশুদের।

বিষ্ণুদিয়া গ্রামের তুহিন রেজা শৈলকুপা শহরে যাবেন। নদের পাড়ে আধা ঘণ্টা অপেক্ষার পর তিনি নৌকা পেয়েছেন। তুহিন রেজা বলেন, ‘ঘাটে একটিমাত্র নৌকা। জনপ্রতি পাঁচ টাকা করে নেন মাঝি। নৌকায় বেশি যাত্রী না হলে ছাড়েন না।’

খেয়াঘাটের মাঝি দবির উদ্দিন বলেন, সরকারিভাবে এই খেয়াঘাট বন্দোবস্ত দেওয়া হয় না। প্রতিদিন ৩০০-৪০০ টাকা আয় হয়। এটা দিয়ে কোনো রকমে সংসার চালান।

স্থানীয় সূত্রে জানা যায়, সেতু না থাকায় পণ্য পরিবহনেও তাঁদের অতিরিক্ত টাকা গুনতে হয়। বর্তমানে প্রতি মণ পণ্য বাজারজাত করতে পরিবহনে খরচ হয় ৫০-৬০ টাকা। অনেকটা সড়ক ঘুরে আসতে হয়। অথচ সেতু হলে ওই মাল পরিবহনে খরচ হবে মাত্র ১০ টাকা। এখানে দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। এই দাবি নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেছেন। জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন। কিন্তু কোনো ফল আসেনি।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝিনাইদহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন, সেখানে সেতু নির্মাণের আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।