আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যানকে মারধরের পর যুবদল নেতাকে বহিষ্কার

নাটোরের সিংড়া উপজেলার বহিষ্কৃত যুবদল নেতা শামিম হোসেনছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামিম হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনের পরদিন সিংড়ার ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ–সমর্থিত সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকন্দকে মারধর করার ঘটনায় এ সিদ্ধান্ত এসেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

যুবদলের কেন্দ্রীয় কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি–পরিপন্থী কর্মকাণ্ড এবং নানা অনাচারের কারণে শামিম হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতা ভবিষ্যতে কোনো ধরনের অপকর্মে জড়িত হলে তাঁর দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

এ বিষয়ে বহিষ্কৃত যুবদল নেতা শামিম হোসেন বলেন, ‘ঘটনার দিন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আকস্মিকভাবে। আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কোনো ইচ্ছাকৃত কাজ করিনি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমি দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে জড়িত এবং দলের আদর্শের প্রতিই আস্থাশীল।’