কুষ্টিয়ায় ২১ গ্রাম প্লাবিত, পানিবন্দী ২৫ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার পানিতে প্লাবিত বিদ্যালয়। আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নে
ছবি: প্রথম আলো

পদ্মা নদীতে পানি বেড়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের প্রায় ২১টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে এসব গ্রামের অন্তত ২৫ হাজার বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে ফসলি জমি। ইতিমধ্যে এই ইউনিয়নের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, ১০ দিন ধরে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত আছে। ভারতের গঙ্গা থেকে পদ্মা নদীতে পানি প্রবাহিত হচ্ছে। প্রতিদিন ১০ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত পানি বাড়ছে। গত বুধবার পদ্মা নদীর হার্ডিঞ্জ সেতু পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ২৮ মিটার। সেখানে বিপৎসীমা ১৪ দশমিক ২৫ মিটার। ১ সেপ্টেম্বর পানির উচ্চতা ছিল ১২ দশমিক ৬৪ মিটার। ৫ সেপ্টেম্বর ছিল ১৩ দশমিক ৩০ মিটার। পানি বাড়ায় জেলার দৌলতপুর উপজেলার নিম্নাঞ্চল চিলমারী ইউনিয়নে পানি প্রবেশ করে গ্রামগুলো প্লাবিত করে।

জেলা প্রশাসন থেকে ১১ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। দুদিন ধরে বিতরণ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ১০ দিন আগেও গ্রামের মানুষ হেঁটে চলাচল করেছেন। বর্তমানে সেসব এলাকায় ছোট নৌকা ব্যবহার করতে হচ্ছে। ফসলের খেতে পানি থই থই করছে। বসতবাড়ির কিনারায় পানি এসেছে। পানি বাড়া অব্যাহত থাকলে বসতবাড়ির ভেতরেও যেকোনো সময় পানি ঢুকে পড়বে। চরাঞ্চলের কয়েক শ হেক্টর জমির মরিচ, কলা, ধান, মাষকলাইসহ বিভিন্ন ধরনের ফসল তলিয়ে গেছে। হঠাৎ করে পদ্মার পানি বেড়ে যাওয়ায় কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, চিলমারীতে থই থই করছে পানি। ইউনিয়নের প্রতিটি বাড়ি, রাস্তাঘাট পানির ওপরে ভাসছে। এলাকার বেশির ভাগ মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। সবচেয়ে অসহায় অবস্থায় আছে গবাদিপশু। গোখাদ্যের অভাবে এগুলো শীর্ণকায় হয়ে যাচ্ছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিছু ত্রাণ বিতরণ করেছেন, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। জরুরি ভিত্তিতে কিছু মানবিক এবং গোখাদ্য সহায়তা দরকার।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা সিদ্দিকা প্রথম আলোকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে পানি থাকায় এবং শিক্ষার্থীরা আসতে না পারায় শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউনিয়নের আটটি বিদ্যালয়ে সাময়িকভাবে পাঠদান বন্ধ রয়েছে। তবে ওই সব স্কুলের শিক্ষকদের নির্দিষ্ট সময় মেনে স্কুলে উপস্থিত থাকতে বলা হয়েছে। যদি কোনো শিক্ষক না থাকেন, তবে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পদ্মার পানি বেড়ে যাওয়ায় গড়াই নদের পানিও বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়া কুমারখালী ও খোকসা উপজেলায় কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। কুমারখালী উপজেলার লাহিনীপাড়া রেলসেতু পয়েন্টে গত মঙ্গলবার পানির উচ্চতা ছিল ১১ দশমিক ৬২ মিটার। ১ সেপ্টেম্বর উচ্চতা ছিল ১১ দশমিক ১৪ মিটার। এখানে পানির বিপৎসীমা ১২ দশমিক ৭৫ মিটার।

ইউএনও আবদুল জব্বার বলেন, জেলা প্রশাসন থেকে ১১ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। দুদিন ধরে বিতরণ করা হচ্ছে। প্রতিদিনই খোঁজ রাখা হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় সব রকম ব্যবস্থা রাখা আছে।