সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় খাদ্য অধিদপ্তরের ২০টি বস্তায় মিলল চাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার খাদ্য অধিদপ্তরের লোগো সংবলিত ২০ বস্তা চাল
ছবি: সংগৃহীত

সাভারে একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় খাদ্য অধিদপ্তরের লোগো ও ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান–সংবলিত ২০ বস্তা চাল উদ্ধার করেছে সাভার মডেল থানার পুলিশ।

পুলিশ জানায়, আজ সোমবার দুপুরে সাভার পৌর এলাকার ভাটপাড়ার আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ২০ বস্তা চাল দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি সাভার মডেল থানার পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালসহ বস্তাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাভার মডেল থানার উপপরিদর্শক শাহিদুল ইসলাম বলেন, প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। বস্তাগুলো ওই স্থানে কীভাবে এল, সেটি এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। জব্দতালিকা তৈরি করে এ ব্যাপারে আদালতের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ ব্যাপারে সাভার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সরকারের বিভিন্ন খাদ্যসহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীরা চাল নিয়ে পরবর্তী সময়ে বস্তাগুলো বিভিন্ন কাজে ব্যবহার করেন। বাজারেও এ ধরনের বস্তা পাওয়া যায়। আমরা চালগুলো সরকারি কি না এবং অসদুপায় অবলম্বন করে চালগুলো ওই স্থানে নেওয়া হয়েছিল কি না, সেটি জানার চেষ্টা করছি। তবে এই মুহূর্তে চালগুলো সরকারি, সেটি নিশ্চিত করে বলা সম্ভব নয়।’