বালুবাহী ট্রাকের চাপায় প্রধান শিক্ষকসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালুবাহী ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাটি থানায় নেওয়া হচ্ছে। সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার সোনারপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর ছয়জন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সোনারপাড়া এলাকায় গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন গোবিন্দগঞ্জের সাফেয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়া (৪২) ও উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ি গ্রামের আবু বকর মণ্ডলের স্ত্রী দুলালী বেগম (৪০)। নিহত রুবেলের বাড়ি গোবিন্দগঞ্জ পৌর শহরের শিল্পপাড়া এলাকায়। আহত ছয়জনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে বালুবাহী একটি মিনি ট্রাক সোনারপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী দুলালী বেগম মারা যান। আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মিয়ার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। লাশ দুটি তাঁদের স্বজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।