ছাত্রলীগের পর ধর্মঘটে শিক্ষকেরা, যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫৪ দিন ধরে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রায় দুই মাস ধরে কোনো ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারছেন না শিক্ষার্থীরা। প্রথমে ছাত্রলীগ ও পরে শিক্ষক সমিতির ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষাজীবন ব্যাহত হওয়ায় সেশন জটের শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সেমিস্টার ফি কমানো; নবনির্মিত একাডেমিক ভবনে লিফট স্থাপন; দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বঙ্গবন্ধুর ছবি বিকৃতি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতিসহ ১২ দফা দাবিতে গত ১৭ জুন বিকেল থেকে আন্দোলন শুরু করে ছাত্রলীগ। সেই থেকে বিশ্ববিদ্যালয়ে ২৬টি বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যায়। এরপর শিক্ষক-কর্মকর্তাদের বহনকারী বাসের চাবি কেড়ে নেওয়া ও অফিসকক্ষের এসি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শিক্ষক সমিতির ডাকে গত ২২ জুলাই থেকে ধর্মঘট পালন করছেন শিক্ষকেরা। ফলে ৫৪ দিন ধরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশাসনিক দুর্বলতার কারণে সংকটের সমাধান হচ্ছে না। উপাচার্য–ঘনিষ্ঠ শিক্ষকেরা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। মূলত, ভবনের ১২টি লিফট ক্রয়ের দুর্নীতি ঢাকতেই এমন আন্দোলন চলছে।

তবে লিফট ক্রয় দুর্নীতির সঙ্গে আন্দোলনের কোনো যোগসূত্র নেই বলে দাবি যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ মো. গালিবের। তিনি বলেন, কতিপয় শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের গাড়ির চাবি ছিনিয়ে নিয়েছেন। এতে শিক্ষকেরা অপমানিত হয়েছেন। অপমান লাঞ্ছনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকেরা ক্লাসে যাওয়া থেকে বিরত রয়েছেন। ওই ঘটনার তদন্ত হচ্ছে বলে তিনি জানতে পেরেছেন। সুষ্ঠু বিচার হলে শিক্ষকেরা ক্লাসে ফিরে যাবেন।

আরও পড়ুন

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, নবনির্মিত ১০ তলা ভবনে লিফট স্থাপন করাসহ ১২ দফা দাবিতে ১৭ জুন ক্যাম্পাসে উপাচার্যকে অবরুদ্ধ করে আন্দোলন শুরু করে ছাত্রলীগ। লাগাতার আন্দোলনে প্রায় এক মাস পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন ১৫ জুলাইয়ের মধ্যে লিফট স্থাপনের আশ্বাস দিলে ছাত্রলীগ আন্দোলন স্থগিত করে। এরপর ক্যাম্পাস ঈদের ছুটিতে বন্ধ হয়ে যায়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২ দফা দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ। গত ১৮ জুন ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে
ফাইল ছবি: প্রথম আলো

ঈদের পর ক্যাম্পাস চালু হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন শ্রেণিকক্ষের পরিবর্তে অনলাইনে পাঠদান ও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়। বিষয়টি শিক্ষার্থীরা মেনে নিতে পারেননি। আবার ক্যাম্পাসে অস্থিরতা শুরু। এর মধ্যে ১৬ জুলাই শিক্ষার্থীরা শিক্ষক-কর্মকর্তাদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের বাসের চালকের কাছ থেকে চাবি কেড়ে নেন। শিক্ষকদের অফিসকক্ষের এসি বন্ধ করে দেন। এতে অপমানিত হয়েছেন দাবি করে ২২ জুলাই থেকে ধর্মঘট শুরু করেন শিক্ষকেরা।

এ বিষয়ে উপাচার্য মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য চলতি বছরের ৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের ডিন, চেয়ারম্যান ও দপ্তর প্রধানদের বৈঠকে ১০ থেকে ৩১ জুলাই পর্যন্ত পরীক্ষামূলকভাবে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি স্বার্থান্বেষী মহল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লিফট ও বাস বন্ধ করে দেয়। যাতে শিক্ষকেরা অপমানিত হয়ে সব প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জন করেন।

আরও পড়ুন

ভবনে লিফট স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে শিক্ষকদের ধর্মঘটের কোনো যোগসূত্র নেই উল্লেখ করে উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমি ছুটিতে দেশের বাইরে ছিলাম। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে যাচ্ছি। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যেই সংকট নিরসন করতে পারব।’

ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা সাংবাদিকদের বলেন, অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণার পর শিক্ষকেরা গাড়ির চাবি কেড়ে নেওয়ার অভিযোগ তুলে ক্লাস বর্জন করে আসছেন। ফলে প্রায় তিন সপ্তাহ ধরে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা উদ্বিগ্ন। তাঁরা সেশনজটে পড়ার আশঙ্কা করছেন। শিক্ষক–কর্মকর্তাদের গাড়ির চাবি কারা কেড়ে নিয়েছে, তা তিনি জানেন না বলেও জানান।