মানিকগঞ্জ-১ আসন
বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ
মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে বিএনপির প্রার্থীর কর্মীরা দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন ও নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হক এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তোজাম্মেল হক বলেন, তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর থেকে বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবীরের পক্ষে দলীয় নেতা-কর্মীরা নির্বাচনী এলাকায় তাঁর (তোজাম্মেল হক) সমর্থকদের প্রাণনাশ, মিথ্যা মামলা, পুলিশ দিয়ে আটক করা, বাড়িঘরে অগ্নিসংযোগ, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছেন। তাঁর নির্বাচনী ‘ঘোড়া’ প্রতীকের প্রচারে নেতা-কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। তাঁর সমর্থকদের গালাগাল করা হচ্ছে। তাঁর পক্ষের নেতা-কর্মী ও সমর্থকদের পরিবারের সদস্যদেরও নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ধানের শীষের প্রার্থী প্রশাসন ও পুলিশ বাহিনী ব্যবহার করে নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল, কম ভোট পেলেও ফল নিজেদের পক্ষে নেওয়ার ঘোষণা দিয়ে তাঁর নেতা-কর্মী, সমর্থক ও ভোটারদের হুমকি দিচ্ছেন।
তবে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবীর। তিনি প্রথম আলোকে বলেন, বিদ্রোহী প্রার্থী চিহ্নিত ডাকাত ও চোরদের নিয়ে প্রচার চালাচ্ছেন। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ডাকাত দলের সদস্য ও আওয়ামী লীগের নেতারা এখন বিদ্রোহী প্রার্থীর কর্মী। দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের লাউতারা গ্রামে তাঁর (জিন্নাহ কবীর) নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনা আড়াল করতেই সংবাদ সম্মেলন করে মিথ্যা অভিযোগ করা হয়েছে।