ফসল না হওয়া জলাবদ্ধ জমিতে পানিফল চাষ, বছরে ২৫ কোটি টাকার বাণিজ্যের আশা
দেখতে অনেকটা শিঙাড়ার মতো। তবে দোকানে ভাজা হয় না, জন্মায় পানিতে। শক্ত খোসা ছাড়ালেই বেরিয়ে আসে সাদা শাঁস। দাঁতে কামড় দিতেই কচকচ শব্দ, স্বাদ হালকা মিষ্টি। সাতক্ষীরার মানুষের কাছে এই ফলের নাম ‘পানির শিঙাড়া’, যা পানিফল নামে পরিচিত।
সাতক্ষীরার হাটবাজারে এখন বেশ পানিফল দেখা যাচ্ছে। কেউ কিনছেন কেজি দরে, কেউ রাস্তার পাশে দাঁড়িয়েই খোসা ছাড়িয়ে খাচ্ছেন। তবে এই ফলের গল্প শুধু স্বাদে আটকে নেই। যে জলাবদ্ধ জমিতে একসময় ফসল ফলানো কঠিন ছিল, সেখানেই এখন পানিফল চাষ করে আয় করছেন কৃষকেরা। কাজ পাচ্ছেন গ্রামের নারীরাও।
আমন ধানের তুলনায় পানিফল চাষে লাভ বেশি হওয়ায় দিন দিন এর চাষ বাড়ছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে সাতক্ষীরায় পানিফলের কেনাবেচা প্রায় ২৫ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশা করছি।
পানির বুকজুড়ে সবুজের বিস্তার
১২ নভেম্বর সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় গিয়ে দেখা যায়, জলাভূমি, পুকুর ও ডোবাজুড়ে পানিফলের চাষ। দূর থেকে মনে হয়, পানির ওপর কচুরিপানা বিছিয়ে আছে। স্থানীয় বাসিন্দারা জানান, অনেকটা ত্রিভুজাকৃতির এই পানিফল দেখতে শিঙাড়ার মতো হওয়ায় তাঁরা একে পানির শিঙাড়া বলেন।
কয়েকজন কৃষক বালতি ও গামলা নিয়ে জলাভূমিতে পাতার ফাঁক থেকে একের পর এক ফল তুলছিলেন। তীরে এনে কেউ ফল পরিষ্কার করছেন, কেউ বাছাই করছেন। পাশে দাঁড়ানো এক ক্রেতা বললেন, ‘ছোটবেলা থেকেই পানির শিঙাড়া খাই। হালকা শীত শীত ভাব শুরু হলেই বাজারে খুঁজি।’
কম খরচে ভালো আয়ের আশা
দেবহাটার পাশাপাশি কলারোয়া ও সদর উপজেলাতেও বাড়ছে পানিফলের চাষ। গত বুধবার কলারোয়ার গোপীনাথপুর এলাকায় সড়কের পাশের জলাবদ্ধ জমিতে পানিফলের খেত দেখা যায়। নিজের খেতের পানিফল বিক্রি করছিলেন নাজিরা খাতুন (৪১)। তিনি বলেন, সকালে খেত থেকে ফল তুলে এনে ২৫ টাকা কেজি বিক্রি করছেন। মৌসুমের শুরুতে ৬০ টাকা কেজি ছিল। এখন দাম কমছে। তবে ফলন ভালো, আরও দেড় মাস বিক্রি করতে পারবেন।
ভাদ্র-আশ্বিনে পানিফলের চাষ শুরু হয়, ফল তোলা হয় অগ্রহায়ণ–পৌষে। কচি অবস্থায় ফলের রং থাকে লাল ও সবুজ, পরিপক্ব হলে হালকা কালচে রং ধরে। শক্ত খোসার ভেতরে থাকে সাদা শাঁস, যা সাধারণত কাঁচাই খাওয়া হয়।
গোপীনাথপুরের কৃষক আমজাদ হোসেন দেড় বিঘা জমিতে চাষ করেছেন পানিফল। জমি তৈরি, চারা, সার ও ওষুধ মিলিয়ে তাঁর খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। এখন প্রতিদিন এক মণের বেশি ফল তুলছেন তিনি। আমজাদ বলেন, ‘পাইকাররা খেত থেকেই ২০ টাকা কেজিতে ফল কিনে নিয়ে যায়। পুরো মৌসুমে প্রায় ৭০ হাজার টাকার ফল বিক্রি হবে বলে আশা করছি।’
একই এলাকার চাষি মুকুল সরদার তাঁর ১০ বিঘা জমিতে পানিফল চাষ করেছেন। তিনি জানান, জলাবদ্ধতার কারণে তাঁর জমিতে অন্য ফসল হয় না। প্রতি বিঘায় তাঁর খরচ হয়েছে প্রায় ১২ হাজার টাকা। খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় ২০ হাজার টাকার বেশি লাভের আশা করছেন তিনি।
মৌসুমি ফল, বাড়ছে বাজার
চাষিরা জানান, ভাদ্র-আশ্বিনে পানিফলের চাষ শুরু হয়, ফল তোলা হয় অগ্রহায়ণ–পৌষে। কচি অবস্থায় ফলের রং থাকে লাল ও সবুজ, পরিপক্ব হলে হালকা কালচে রং ধরে। শক্ত খোসার ভেতরে থাকে সাদা শাঁস, যা সাধারণত কাঁচাই খাওয়া হয়।
সাতক্ষীরা সদরের পানিফল ব্যবসায়ী আসাদুল ইসলাম জানান, কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২০ টাকায় কিনে ২৫ টাকায় বিক্রি করেন তিনি। প্রতিদিন ১০০ কেজির বেশি পানিফল বিক্রি হয়। আগাম টাকা দিয়ে খেত থেকেও ফল সংগ্রহ করেন তিনি। পরে তা ঢাকা, খুলনাসহ বিভিন্ন অঞ্চলে পাঠান।
পানিফল চাষে কাজ পেয়েছেন নারীরাও। খেত পরিচর্যা, ফল সংগ্রহ ও বাছাইয়ের কাজ করছেন তাঁরা। দেবহাটার কুলিয়া ও সখিপুর এলাকার নারী শ্রমিকেরা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা মজুরি পান। সখিপুর গ্রামের সুফিয়া বেগম বলেন, ‘সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করে ২০০ টাকা পেয়েছি।’
জলাবদ্ধ জমিও আয়ের উৎস
সাতক্ষীরা সদরের কৃষি উদ্যোক্তা মো. রাহাত হোসেন প্রথম আলোকে বলেন, সাতক্ষীরার জলাবদ্ধ জমি একসময় কৃষকের কাছে ছিল দুর্ভোগের নাম। সেই পানিই এখন অনেকের আয়ের উৎস। পানিফল চাষে বদলে যাচ্ছে অনেক দরিদ্র কৃষকের জীবন।
সখিপুরের কৃষক কাওসার আলী প্রায় ২৫ বছর ধরে পানিফল চাষ করছেন। এবার ১৫ বিঘা জমিতে আবাদ করেছেন। তিনি বলেন, জলাবদ্ধতার কারণে এসব জমিতে ধান হয় না। আগে জমি পড়ে থাকত। এখন পানিফল চাষ করে ভালো আয় হচ্ছে। পানি বাড়লেও গাছ সহজে নষ্ট হয় না, বরং ফলন বাড়ে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় পানিফল চাষ প্রতিবছর বাড়ছে। ২০২১-২২ অর্থবছরে ১০৬ হেক্টর, ২০২২-২৩ অর্থবছরে ১৪২ হেক্টর, ২০২৩-২৪ অর্থবছরে ১৫০ হেক্টর এবং ২০২৪-২৫ অর্থবছরে ১৬৪ হেক্টর জমিতে আবাদ হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে প্রায় ২৫০ হেক্টরে দাঁড়িয়েছে।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইকবাল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমন ধানের তুলনায় পানিফল চাষে লাভ বেশি হওয়ায় দিন দিন এর চাষ বাড়ছে। পাশাপাশি পানিফল চাষ ও সংগ্রহের কাজে কৃষিশ্রমিক, বিশেষ করে নারী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে সাতক্ষীরায় পানিফলের কেনাবেচা প্রায় ২৫ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশা করছি।’