২০ বছর পর মির্জাগঞ্জে বিএনপির সম্মেলন, সভাপতি শাহাবুদ্দিন, সম্পাদক জাহাঙ্গীর
দীর্ঘ ২০ বছর পর ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে সুবিদখালী আশ্রাব কমিউনিটি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে তৃণমূলের ভোটে সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন নান্নু সভাপতি ও যুবদলের সাবেক আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান কমিটির আহ্বায়ক মো. আশ্রাব আলী হাওলাদার। সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ পিন্টু সিকদার।
সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আশ্রাব আলী হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি ও জেলা বিএনপির সদস্য মোসতাক আহম্মেদ পিনু প্রমুখ।