উখিয়ার ‘নুরুর গরম মিষ্টি’, এক বসায় খাওয়া যায় ১০টিও
উখিয়ার নুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ৫৪ বছরের বেশি সময় ধরে তৈরি হচ্ছে নুরুর মিষ্টি। গরুর খাঁটি দুধের ছানা দিয়ে তৈরি এই মিষ্টি খেতে কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন। বর্তমানে দিনে অন্তত ছয় মণ মিষ্টি বিক্রি হচ্ছে
দোকানের কাছে যেতেই ভেসে আসছিল গরম মিষ্টির ঘ্রাণ। ভেতরে উঁকি দিয়ে দেখা গেল, চেয়ারগুলোতে বসে মিষ্টি খাচ্ছেন অর্ধশতাধিক মানুষ। কেউ একসঙ্গে চার-পাঁচটি মিষ্টি খাচ্ছেন, কেউ আবার খাচ্ছেন ১০টি পর্যন্ত। অনেকে মিষ্টির সঙ্গে খাচ্ছেন পরোটা।
কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়নের বাসস্টেশন এলাকায় ‘নূর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের দোকানে গিয়ে সম্প্রতি দেখা গেল এ চিত্র। এর অবস্থান কক্সবাজার শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে। ৫৪ বছর ধরে এই দোকানে তৈরি হচ্ছে রসালো মিষ্টি। স্থানীয় লোকজনের কাছে এটি ‘নুরুর মিষ্টি’ নামে পরিচিত।
গত শুক্রবার দোকানে গিয়ে দেখা গেল, কাচের ফ্রেমে রাখা আছে গরম ও ঠান্ডা দুই ধরনের মিষ্টি। দোকানের পেছনে একটি কক্ষে মিষ্টি তৈরির কারখানা। আরেক পাশে পরোটা, চা-কফি ও নিমকি তৈরির জায়গা। কারখানায় মিষ্টি তৈরি করছিলেন কারিগর রহমত উল্লাহ। তিনি জানান, মিষ্টি তৈরির মূল উপাদান গরুর খাঁটি দুধ। স্থানীয় খামার থেকে সকালে সংগ্রহ করা হয় দুধ। কারখানায় বড় ড্রামে সেই দুধ চুলায় জ্বাল দিয়ে ছানা তৈরি করা হয়। এরপর ছানার সঙ্গে অল্প পরিমাণ ময়দা মেশানো হয়।
রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, প্রতিদিন গড়ে ছয় মণ মিষ্টি উৎপাদন হয়। বিয়েশাদি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান থাকলে আরও দুই-তিন মণ অতিরিক্ত মিষ্টি উৎপাদন করতে হয়। প্রতি কেজিতে ২৬টি মিষ্টি থাকে।
দোকানের ব্যবস্থাপক মো. শাহজাহান বলেন, সকাল সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা থাকে। এ সময় কয়েকবার করে মিষ্টি উৎপাদন করতে হয়। লোকজন গরম মিষ্টি খেতে বেশি পছন্দ করেন। গরম মিষ্টির বেচাবিক্রিও বেশি। পাঁচ বছর আগেও প্রতি কেজি মিষ্টি ২৫০ টাকায় বিক্রি হতো। এখন দুধসহ প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ৫০ টাকা বেশি, অর্থাৎ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
‘একসঙ্গে সাতটি মিষ্টি খাওয়ার পরও আরও খেতে ইচ্ছা করছে। ডায়াবেটিসের ভয় না থাকলে আরও কয়েকটি মিষ্টি হজম করা যেত।’
স্ত্রীকে সঙ্গে নিয়ে দোকানে মিষ্টি খেতে এসেছিলেন কক্সবাজার আদালতের আইনজীবী আমিন উদ্দিন চৌধুরী। তাঁর বাড়ি কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ায়। দুজনে ১৩টি মিষ্টি খেয়ে বাড়ির জন্য আরও তিন কেজি মিষ্টি কিনেছেন।
আমিন উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘উখিয়াতে এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে এসেছিলাম। দুপুরের খাবার শেষ করে নুরুর মিষ্টি খেতে দোকানে এসেছি। একসঙ্গে সাতটি মিষ্টি খাওয়ার পরও আরও খেতে ইচ্ছা করছে। ডায়াবেটিসের ভয় না থাকলে আরও কয়েকটি মিষ্টি হজম করা যেত।’
দোকানে বসে মিষ্টি খাচ্ছিলেন স্থানীয় রাজাপালং গ্রামের বাসিন্দা মো. ছৈয়দ হোসেন চৌধুরী (৫৫)। চারটি মিষ্টি খাওয়ার পর বাড়ির জন্য দুই কেজি মিষ্টি কেনেন তিনি। ছৈয়দ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, কিশোর বয়স থেকেই তিনি নুরুর মিষ্টি খেয়ে অভ্যস্ত। শুরু থেকে এখন পর্যন্ত মিষ্টির গুণমান ও স্বাদের কোনো পরিবর্তন হয়নি। পর্যটকসহ টেকনাফ, কক্সবাজার, রামু ও ঈদগাঁও এলাকার মানুষ উখিয়াতে এসে নুরুর মিষ্টি খাচ্ছেন এবং বাসাবাড়ির জন্য নিয়ে যাচ্ছেন।
বিক্রি হচ্ছে ৫৪ বছর ধরে
পরিবার ও স্থানীয় লোকজন জানান, ১৯৭১ সালের মার্চে কক্সবাজারের বাসিন্দা নুরুল ইসলাম সওদাগর উখিয়া বাসস্টেশনে একটি চায়ের দোকান খোলেন। শুরুর দিকে দোকানে চায়ের সঙ্গে পরোটা, জিলাপি ও ভাত বিক্রি হতো। এক বছরের মাথায় দোকানে মিষ্টি তৈরি শুরু হয়। উখিয়া ও টেকনাফে তখন মিষ্টির কোনো দোকান ছিল না। তাই লোকজনের মুখে মুখে দ্রুত পরিচিতি পায় ‘নুরুর মিষ্টি’।
২০০২ সালের ৩ সেপ্টেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে নুরুল ইসলাম মারা যান। এরপর দোকান পরিচালনার দায়িত্ব নেন তাঁর সন্তানেরা। তাঁর চার ছেলে ও তিন মেয়ে রয়েছে।
নুরুল ইসলামের মেজ ছেলে মোস্তফা কামাল বলেন, ১৯৬৪ সালে তাঁর বাবা নুরুল ইসলাম কক্সবাজার কালেক্টরেট অফিসে অফিস সহকারীর পদে চাকরি করতেন। উখিয়া সার্কেল অফিসে বদলি হলে তিনি কক্সবাজার শহরের বাহারছড়া থেকে সাইকেল চালিয়ে উখিয়াতে আসা-যাওয়া করতেন। তখন চা-নাশতা খাওয়ার জন্য উখিয়াতে ভালো মানের কোনো হোটেল বা মিষ্টির দোকান ছিল না।
মোস্তফা কামাল জানান, দোকান দেওয়ার পর তাঁর বাবা উখিয়ার রাজাপালং ইউনিয়নের ক্যাম্প ঢালা নামক গ্রামে বসতবাড়ি গড়ে তোলেন। নুরুর মিষ্টির দ্বিতীয় কোনো শাখা নেই। কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় নুরুর মিষ্টি নামে একই ধরনের মিষ্টি বিক্রি হয়। তবে গ্রাহকেরা খাওয়ার পর বুঝতে পারেন, এগুলো আসল নুরুর মিষ্টি নয়।
বাবার উদ্ধৃতি দিয়ে আরেক ছেলে শামসুদ্দিন শামীম বলেন, আগে গরুর দুধ দিয়ে দোকানে চা বিক্রি হতো। অনেক সময় দুধ বেশি সংগ্রহে থাকত, তখন নষ্ট হওয়ার ঝুঁকি থাকত। দুধ নষ্ট না করে ছানা বের করে মিষ্টি বানানোর বিষয়টি তাঁর বাবার মাথায় আসে। দীর্ঘ সময় তিনি চা বা মিষ্টির দোকান করায় নামের শেষে সওদাগর যুক্ত করে লোকজন তাঁকে নুরু সওদাগর বলে ডাকতেন।
উখিয়ার প্রবীণ রাজনীতিবিদ ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের পাঁচবারের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, উখিয়াতে সর্বপ্রথম মিষ্টি তৈরি করেছিলেন নুরুল ইসলাম সওদাগর। তাঁর মৃত্যুর পর সন্তানেরা বাবার ঐতিহ্য ধরে রেখেছেন। কক্সবাজার জেলায় নুরুর মিষ্টির আলাদা পরিচয় রয়েছে। উখিয়ার ঐতিহ্য নুরুর মিষ্টি স্বাদে যেমন, গুণেও অতুলনীয়।