বগুড়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের দ্বিতীয় বাইপাস সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন বগুড়া শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে সাগর মোহন্ত (২১) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের আলমাস হোসেনের ছেলে তানভীর হোসেন (২১)।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আসাফুদ্দৌলা সানি (২২) নামের আরেক শিক্ষার্থী। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তরুণেরা বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তানভীর, সাগর ও আসাফুদ্দৌলা একটি মোটরসাইকেলে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়ক হয়ে মাটিডালি মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি খালি ট্রাক নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানভীর নিহত হন। গুরুতর আহতাবস্থায় আসাফুদ্দৌলা ও সাগরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।