হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে লড়ছিলেন তানিয়া সুলতানা (২২)। হাত-পা নাড়ালেও পারছিলেন না কথা বলতে। তাই স্বামী-সন্তানের মৃত্যুর খবরটি তিন দিনেও তাঁকে জানানো যায়নি। সেই খবর পাওয়ার আগে এবার নিজেই চলে গেলেন না ফেরার দেশে।
আজ সোমবার সকাল সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তানিয়ার। তিনি কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকার সাজ্জাদ হোসেনের স্ত্রী। গত শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিং এলাকায় একটি ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা তানিয়া গুরুতর আহত হন। এর পর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি।
শুক্রবারের ওই দুর্ঘটনায় তানিয়ার স্বামী সাজ্জাদ হোসেন (২৮), কন্যা মাশরুফা হোসাইনসহ (২) পরিবারের চার সদস্য নিহত হন। নিহত অপর দুজন হলেন তানিয়ার স্বামী সাজ্জাদের ছোট বোন কাসফিয়া জান্নাত (২০) ও কাসফিয়ার ছেলে সাহিল (৩)। তানিয়ার মৃত্যুর মধ্য দিয়ে দুর্ঘটনাটিতে নিহত মানুষের সংখ্যা পাঁচে দাঁড়িয়েছে। কাসফিয়ার দেড় বছর বয়সী মেয়ে আয়াত মনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার পর তানিয়া ও শিশু আয়াত মনিকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতেই দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। তানিয়া হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
তানিয়ার মৃত্যুর বিষয়টি তাঁর বড় বোন রিমা আক্তার এবং রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ নিশ্চিত করেছেন। তানিয়ার বড় বোন রিমা আক্তার বলেন, দুর্ঘটনায় তানিয়া মাথায় গুরুতর আঘাত পান। তিনি হাত-পা নাড়াতেন। তবে কারও সঙ্গে কথা বলতে পারতেন না। অনেকটা অজ্ঞান অবস্থায় ছিলেন।
তানিয়ার মা আজিজ খানম বলেন, ‘স্বামী–সন্তান যে মারা গেছে, তিন দিনেও আমার মেয়ে জানতে পারেনি। আজ সকালে মেয়েটাও মারা গেল। আমার সব শেষ হয়ে গেছে, আমার বুক খালি হয়ে গেল।’
কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে দায়িত্বে থাকা চিকিৎসক মো. দেলোয়ার হোসেন বলেন, আহত তানিয়ার মাথার এক পাশে গভীর ক্ষত ছিল, যা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছেছে। সিটি স্ক্যানে মস্তিষ্কের সামনের অংশের আঘাত ও রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়েছে।
স্বামী-সন্তানের পাশেই হবে দাফন
গত শুক্রবার রাতেই ট্রেন দুর্ঘটনায় নিহত তানিয়ার স্বামী-সন্তানসহ পরিবারের চার সদস্যের মরদেহ রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। এখন স্বামী-সন্তানের পাশে স্ত্রী তানিয়া সুলতানাকে দাফনের প্রস্তুতি চলছে।
তানিয়ার শ্বশুর নুরুল ইসলাম বলেন, ‘এক ট্রেন দুর্ঘটনায় ঘরের পাঁচজন মানুষ নাই। আগে চারজনকে দাফন করা হয়েছে। এখন আমার পুত্রবধূকেও একই স্থানে দাফন করা হবে।’
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রেলক্রসিংটা ছিল ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত। সেখানে গেট ও গেটম্যান ছিল না। ব্যারিয়ার বসানোর জন্য রেল বিভাগকে জানানো হয়েছে। ট্রেন দুর্ঘটনার ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।