মগবাজারে হোস্টেল সুপারকে হত্যা করা হয়েছে দাবি পরিবারের
দেড় মাস আগে রাজধানীর বড় মগবাজারে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীনিবাস থেকে ওই ছাত্রীনিবাসের সুপার ইতি আফরিন ওরফে সম্পার (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় তখন অপমৃত্যু মামলা হয়। তবে তাঁকে নিজ কক্ষে হত্যা করে মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ করেছে তাঁর পরিবার। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে দেড় মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি মামলার তদন্তও ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ নিহত সম্পার পরিবারের।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবে পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নিহত ইতির বাবা আবু সালেক মাস্টার। এ ছাড়া ইতির মা লাভলী ইয়াসমিন, বড় ভাই সাইফুল ইসলাম ও ভাগনি অনন্যা ইয়াসমিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তাঁরা হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহত ইতি আফরিন আবু সালেক মাস্টারের ছোট মেয়ে। বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের চাউলাকাঠি গ্রামে তাঁদের বাড়ি। গত ৭ জুলাই বিকেলে রাজধানীর বড় মগবাজার এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কর্মজীবী মহিলা হোস্টেলের ষষ্ঠ তলার ৬০৩ নম্বর কক্ষ থেকে ইতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ইতির ময়নাতদন্তের প্রতিবেদন এখন পর্যন্ত হাতে আসেনি। তা ছাড়া জব্দকৃত মুঠোফোন দুটি নিয়ে তদন্ত করছে সিআইডি বিভাগ। সেখান থেকেও কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। ময়নাতদন্ত ও সিআইডির প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইতির বাবা মো. আবু সালেক মাস্টার বলেন, ২০২১ সালের ১ সেপ্টেম্বর ইতি আফরিন ঢাকার বড় মগবাজারে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীনিবাসের সুপার হিসেবে যোগ দেন। তাঁর চাচাতো বোন মাহফুজা আক্তার একই বিদ্যালয়ে শিক্ষক পদে চাকরি করার সুবাদে দুজনই হোস্টেলের ষষ্ঠ তলার ৬০৩ নম্বর কক্ষেই থাকতেন।
৬ জুলাই বিকেলে ইতির সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের মুঠোফোনে কথা হয়। এরপর রাতে আরেকবার ফোন করার কথা বলেছিলেন ইতি। ওই রাতে আর ফোন না করায় পরিবারের সদস্যরা একাধিকবার ইতির মুঠোফোনে কল করেন। কিন্তু তিনি ফোন ধরেননি। পরে তাঁর রুমমেট চাচাতো বোন মাহফুজাকে ফোন দিলে তিনি তাঁর ভাইয়ের বাড়িতে গেছেন বলে জানান।
ইতির বাবা অভিযোগ করে বলেন, ‘ইতি ফোন রিসিভ না করার কারণ জানতে চাইলে মাহফুজা বলে, “আপনার মেয়ে ফোন ধরে না কেন, আমি কীভাবে বলব? আপনি ঢাকায় এসে দেখেন” বলে ফোন কেটে দেন। পরে আমি ও আমার স্বজনেরা ঢাকায় রওনা হই। পথিমধ্যে আমার দুই শ্যালক ও শ্যালকের স্ত্রী ঘটনাস্থলে গিয়ে আমাকে জানায় ইতি আর নেই। আমি ঢাকায় গিয়ে দেখতে পাই ইতি ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। তাঁর শরীরে পচন ধরেছে। ডান পা খাটের ওপরে হাঁটু ভাঁজ করা এবং বাঁ পা অনেকটা খাটের নিচে ঝোলানো। হাত দুটি ওপরের দিকে তোলা। পুরো বিছানা এলোমেলো এবং মেঝেতে রক্ত পড়ে আছে।’
তিনি বলেন, ঘটনার পর রমনা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে ইতির দুটি মোবাইল জব্দ করে পুলিশ। মোবাইল দুটি এক সপ্তাহ পর ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল পুলিশ। কিন্তু সেই মোবাইল দুটি ফিরিয়ে দেয়নি। ঘটনার শুরুতে বিষয়টি নিয়ে পুলিশ যতটা সক্রিয় ছিল, যত দিন গড়াচ্ছে তাদের কার্যক্রমও ঝিমিয়ে পড়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবু সালেক মাস্টার বলেন, ‘ঈদের ছুটিতে সবাই যখন বাড়ি চলে গেছে, ইতিও ঘটনার দুদিন আগে বাড়ি ফিরতে চেয়েছিল। এ জন্য সে ঢাকার সদরঘাটেও এসেছিল। কিন্তু কোনো একজনের ফোন পেয়ে সে বরিশালে না এসে হোস্টেলে ফিরে যায়। ইতি ওই দিনই বিষয়টি আমাদের মুঠোফোনে জানিয়েছিল। কিন্তু কে তাঁকে ফোন করে, সে বিষয়টি জানায়নি। এরপরই তার মৃতদেহ উদ্ধার করা হয়।’
বাবা আবু সালেক মাস্টারসহ ইতির পরিবারের দাবি, চাচাতো বোন মাহফুজা ও হোস্টেলের কেয়ারটেকার হারুন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তাই তাঁদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে।
তবে অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে ইতির চাচাতো বোন বড় মগবাজারে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহফুজা আক্তারের মুঠোফোনে একাধিক কল করা হলেও তিনি ফোন ধরেননি।
এ ব্যাপারে অপমৃত্যু মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক নারায়ণ সরকার বলেন, ইতির ময়নাতদন্তের প্রতিবেদন এখন পর্যন্ত হাতে আসেনি। তা ছাড়া জব্দকৃত মুঠোফোন দুটি নিয়ে তদন্ত করছে সিআইডি বিভাগ। সেখান থেকেও কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। ময়নাতদন্ত ও সিআইডির প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘যে কক্ষে ইতির মৃতদেহ ঝুলছিল, সেই কক্ষের দরজা ভেতর থেকে আটকানো ছিল। ইতির মামাসহ অন্য স্বজনেরা দরজা ভেঙে মৃতদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন। এ কারণে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বেরিয়ে আসবে।’