ভাঙা হচ্ছে ত্রুটিপূর্ণ গার্ডার

গতকাল আমোদাবাদ গ্রামে দেখা যায়, চারজন শ্রমিক একটি ড্রিল মেশিন দিয়ে ৪৫ মিটার দৈর্ঘ্যের বিশাল গার্ডার ভাঙার কাজ করছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নান্দাইলে ত্রুটির কারণে সাড়ে চার কোটি টাকার সেতুর গার্ডার ভেঙে ফেলা হচ্ছে। গতকাল আমোদাবাদ গ্রামে
ছবি: প্রথম আলো

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের পুরহরি-আমোদাবাদ-চানপুর সড়কে নির্মাণাধীন সেই পাকা সেতুর (পিসি গার্ডার ব্রিজ) ত্রুটিপূর্ণ গার্ডারটি অবশেষে ভেঙে ফেলা হচ্ছে।

‘নান্দাইলে সেতু নির্মাণ, গার্ডার ঢালাইয়ে ত্রুটি রয়ে গেল’ শিরোনামে প্রথম আলোর ছাপা সংস্করণ ও অনলাইনে গত ১৩ আগস্ট একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ও একাধিক কারিগরি দল সেতুটি পরিদর্শন করে।

মুঠোফোনে যোগাযোগ করা হলে নান্দাইল উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. শাহাবোর রহমান গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, নির্মাণে ত্রুটির কারণে সেতুর দুটি গার্ডারের মধ্যে একটি ভেঙে ফেলার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আমোদাবাদ গ্রামে দেখা যায়, চারজন শ্রমিক একটি ড্রিল মেশিন দিয়ে ৪৫ মিটার দৈর্ঘ্যের বিশাল গার্ডার ভাঙার কাজ করছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অল্পসংখ্যক শ্রমিক দিয়ে গার্ডার ভাঙার কাজ করা হলে কয়েক মাস লেগে যেতে পারে। সেতু এলাকায় ভাঙার কাজে নিয়োজিত শ্রমিক ছাড়া ঠিকাদারের লোকজন পাওয়া যায়নি।

৮ আগস্ট রাতে এ সেতুর গার্ডার ঢালাই করার সময় ঢালাইয়ের মিশ্রণ গার্ডারের তলায় পৌঁছায়নি বলে গ্রামবাসী অভিযোগ করেছিলেন। এ অভিযোগের সত্যতা যাচাই করার জন্য এ প্রতিবেদক পরদিন সরেজমিনে আমোদাবাদ গ্রামে গিয়ে গার্ডারটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেখা যায়, ঢালাইয়ের মিশ্রণ গার্ডারের তলায় না পৌঁছায় কয়েক জায়গায় রড বের হয়ে রয়েছে।

প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ এ সেতুর গার্ডার ঢালাই করার সময় ভাইব্রেটার মেশিন কাজ করেনি। ফলে গার্ডারের একাধিক জায়গায় ঢালাইয়ের মিশ্রণ পৌঁছায়নি বলে প্রত্যক্ষদর্শী চারজন গ্রামবাসী সেদিন প্রথম আলোকে জানিয়েছিলেন।

নান্দাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. শাহাবোর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছিলেন। সেদিন তিনি বলেছিলেন, নির্ধারিত একটি পরীক্ষা উতরাতে পারলেই গার্ডারটি ত্রুটিমুক্ত বলা যাবে। অন্যথায় সেটি ভেঙে ফেলা হতে পারে।

একটি সূত্র জানায়, ঢালাই করার জন্য কংক্রিটের মিশ্রণ তৈরি করা হয় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি সিমেন্ট কোম্পানির বেস স্টেশনে। সেই মিশ্রণ (রেডিমিক্স) বিশেষ ট্রাকে বহন করে নান্দাইলের আমোদাবাদ গ্রামে সেতুর গার্ডারে এনে ফেলা হয়েছিল। সিমেন্ট জমাট বাঁধার নির্দিষ্ট সময় অতিক্রম করায় শেষের দিকে অনেক মিশ্রণ জমে গিয়েছিল।

নান্দাইলে কর্মরত ছিলেন এমন এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিমেন্ট দিয়ে মিশ্রণ তৈরি করার ৪৫ মিনিটের মধ্যে তা ব্যবহার করতে হয়। নয়তো এ মিশ্রণ ব্যবহারের উপযোগিতা হারিয়ে ফেলে।

আমোদাবাদ গ্রামের মো. মোস্তফা বলেন, ‘কংক্রিটের মিশ্রণ বহনকারী ট্রাকগুলো ত্রিশাল থেকে নান্দাইলের আমোদাবাদ গ্রামে পৌঁছাতে ট্রাকের প্রায় দেড় ঘণ্টা লেগেছে। সেই ট্রাকগুলো লাইন ধরে আমোদাবাদ মাঠে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে। তাহলে এ ধরনের মিশ্রণ দিয়ে সেতুর গার্ডার ঢালাই করা হলে সেতুটি কেমন স্থায়ী হতে পারে।’