‘মুক্তিযুদ্ধে পাহাড়ি জনগোষ্ঠীর অবদান ভুলে গেলে চলবে না’

মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। আজ সকালে রাঙামাটির সাপছড়ি উচ্চ বিদ্যালয়েসুপ্রিয় চাকমা

নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে দেশের বিভিন্ন স্থানের মতো রাঙামাটিতে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে এ অলিম্পিয়াডের আয়োজন করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। আজ সোমবার এতে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গবেষকসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

আজ সোমবার সকালে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় পাহাড়ের মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। অনেকে সরাসরি যুদ্ধে অংশ নেন। তাঁদের অবদানের কথা ভুলে গেলে চলবে না।

অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতায় সাপছড়ি উচ্চবিদ্যালয়ের ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির মোট ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে নিজেদের জ্ঞান যাচাইয়ের সুযোগ পায়। প্রতিযোগিতা শেষে সেরা পাঁচ শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধভিত্তিক বই ও সনদ প্রদান করা হয়।

প্রথম আলো রাঙামাটি বন্ধুসভার সভাপতি আপন চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাপছড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরভিল দেওয়ান। তিনি তাঁর বক্তব্যে মহান স্বাধীনতাযুদ্ধের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সমতলের মানুষের সঙ্গে অনেক পাহাড়ি সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে। সেই ইতিহাস এ প্রজন্মের শিক্ষার্থীদের সামনে তুলে ধরা উচিত। ভবিষ্যতেও এমন আয়োজন ধারাবাহিকভাবে করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে প্রথম আলো রাঙামাটি প্রতিনিধি মিকেল চাকমা স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন রাঙামাটি ছিল ১ নম্বর সেক্টরের অধীন। এই সেক্টরের যুদ্ধের ইতিহাস তুলে ধরে তিনি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বই পড়ার অনুরোধ জানান।

অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. আলী হোসেন, দ্বিতীয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী লিপিকা চাকমা, তৃতীয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী পিংকি বড়ুয়া, চতুর্থ অষ্টম শ্রেণির শিক্ষার্থী রুমানা আক্তার লিজা এবং পঞ্চম হয়েছে নবম শ্রেণির শিক্ষার্থী নিশি আক্তার।

এ সময় প্রথম আলো সিনিয়র আলোকচিত্রী সুপ্রিয় চাকমা, বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক কমলাধন চাকমা, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সান্ত্বনা চাকমা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মানসি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।