‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘিরে লক্ষ্মীপুরে আইনজীবীদের দুই পক্ষের হট্টগোল
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘিরে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে লক্ষ্মীপুর জেলা জজ আদালত এলাকায় সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তা ছিল। আদালতের পূর্ব ও পশ্চিম গেট বন্ধ করে দিয়ে গেটের বাইরে ও ভেতরে অবস্থান নেয় পুলিশ। আদালত প্রাঙ্গণেও বিপুলসংখ্যক পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।
কর্মসূচিকে ঘিরে দুপুরে লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে জড়ো হন শিক্ষার্থীরা। আইনজীবীদের একটি অংশও তাঁদের সঙ্গে যোগ দেয়। এ সময় সেখানে পুলিশের বিপুলসংখ্যক সদস্য অবস্থান নেন। একপর্যায়ে আন্দোলনকারীরা মানববন্ধন করার চেষ্টা করলে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের একটি অংশ সেখানে এসে কর্মসূচিতে বাধা দেয়। দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেয়।
লক্ষ্মীপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ও আইনজীবী নুর মোহাম্মদ বলেন, কর্মসূচির সমর্থনে তিনিসহ বেশ কয়েকজন আইনজীবী মানববন্ধনের চেষ্টা করেন। আইনজীবী সমিতির সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াতেই আওয়ামীপন্থী কয়েকজন আইনজীবী তাঁদের বাধা দিয়েছেন। এতে তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা সম্ভব হয়নি।
বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বলেন, কর্মসূচি পালন করতে বাধা দেওয়ার অভিযোগ সঠিক নয়। আদালত প্রাঙ্গণের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার পরিকল্পনা ছিল তাঁদের।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ‘আইনজীবীদের নিজেদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। আমরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। পরে তাঁরা শান্ত হয়ে যাঁর যাঁর কাজে চলে গেছেন।’