যশোর শহরে অনুমোদনহীন ১১টি ভবনচিহ্নিত সাইনবোর্ড লাগাল পৌরসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সতর্কীকরণ বিজ্ঞপ্তি লেখা সাইনবোর্ড স্থাপন করা হয়েছে অনুমোদনবিহীন এই ভবনের সামনে। আজ মঙ্গলবার শহরের পিটিআই সড়কের ষষ্টিতলাপাড়ায়
ছবি: প্রথম আলো

‘ভবনটি পৌরসভার অনুমোদন না নিয়ে নির্মাণ করা হয়েছে। এ ভবনে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে পৌর কর্তৃপক্ষ দায়ী থাকবে না’—যশোর পৌর শহরের ১১টি ভবনের সামনে এমন সতর্কীকরণ বিজ্ঞপ্তি লেখা সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব ভবন চিহ্নিত করে সাইনবোর্ড স্থাপন করা হয়।

কে এম আবু নওশাদ বলেন, অনুমোদনবিহীন ভবনগুলো জনগণের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এ ধরনের ভবনের তালিকা করা হয়েছে। একই সঙ্গে সরেজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত বছরের ৪ এপ্রিল জেলা বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির সভায় অনুমোদনহীন নির্মিত বা নির্মাণাধীন ভবনের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য পৌরসভাকে অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে অনুমোদনবিহীন ১১টি ভবনে অভিযান পরিচালনা করা হয়। ওই সব ভবনে ‘অনুমোদনহীন ভবন’ সাইনবোর্ড টাঙানোর পাশাপাশি চারটি ভবনের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।

বুয়েট, কুয়েটসহ সরকারের অনুমোদিত প্রতিষ্ঠানের প্রকৌশলী দল দিয়ে ভবনের লোড–সক্ষমতা পরীক্ষা করানোর জন্য ওই সব ভবনের মালিকদের চিঠি দিয়ে বলা হয়েছে।

ভবনগুলোর মধ্যে রয়েছে তারান বিল্ডার্সের মালিকানাধীন তিনটি বহুতল ভবন। এর মধ্যে পোস্ট অফিসপাড়ার ভবন দুই তলা (৯ তলা ফাউন্ডেশন), গুরুদাস বাবু লেনের ভবন দুই তলা এবং পিটিআই সড়কের ভবনটি পাঁচ তলা। গোল্ডেন টাচ বিল্ডার্সের দুটি ভবন রয়েছে। এর মধ্যে শহীদ মশিউর রহমান সড়কের ভবন আটতলা এবং চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আটতলা ভবনের অনুমোদন নিয়ে ৯ তলা ভবন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া শহরের পোস্ট অফিস পাড়ায় অ্যানেক্স বিল্ডার্সের আটতলা ভবন, রেল সড়ক বাইলেনে অনিমেষ কুমার চক্রবর্তী বিল্ডার্সের ছয়তলা ভবন (পাঁচতলার অনুমোদন আছে), যশোর-খুলনা সড়কের আইটি পার্কের সামনে সানফ্লাওয়ার বিল্ডার্স একতলা ভবন, বস্তাপট্টি এলাকায় একচেনচিউর বিল্ডার্সে ১০ তলা ভবন, পশ্চিম বারান্দিপাড়াএলাকায় ওবায়দুল হকের ব্যক্তি মালিকানাধীন ভবন ৯ তলা এবং রেল সড়ক বাইলেনে খায়রুল বাসারের ব্যক্তি মালিকানাধীন চারতলা ভবনে সাইনবোর্ড টাঙিয়েছে পৌর কর্তৃপক্ষ।

অনুমোদনহীন এসব ভবন ভেঙে ফেলা হবে কি না, জানতে চাইলে যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, বুয়েট, কুয়েটসহ সরকারের অনুমোদিত প্রতিষ্ঠানের প্রকৌশলী দল দিয়ে ভবনের লোড–সক্ষমতা পরীক্ষা করানোর জন্য ওই সব ভবনের মালিকদের চিঠি দিয়ে বলা হয়েছে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।