মোটরসাইকেলের হেডলাইটের কেসিংয়ে ১৮টি সোনার বার
যশোরের বেনাপোল থেকে ১৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল বন্দর থানার মালিপুতা এলাকায় পাচারকারীর ফেলে যাওয়া মোটরসাইকেলের হেডলাইটের কেসিংয়ের ভেতর থেকে এগুলো উদ্ধার করে।
ওই পাচারকারীকে আটক করতে পারেননি বিজিবির সদস্যরা।
বিজিবি জানায়, বেনাপোল বন্দর থানার আমড়াখালী এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হবে, গোয়েন্দাদের কাছ থেকে এমন তথ্য পায় বিজিবি। যশোর ৪৯ বিজিবির একটি দল গতকাল সন্ধ্যায় আমড়াখালী বিজিবি পোস্টে অবস্থান নেয়। সন্ধ্যা সাতটার দিকে সেখান দিয়ে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দেওয়া হয়, কিন্তু চালক না থামিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবির টহল দল তাঁকে ধাওয়া করে।
একপর্যায়ে ওই ব্যক্তি মালিপুতা এলাকায় মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যান। এরপর তল্লাশি করে মোটরসাইকেলের হেডলাইটের কেসিংয়ের ভেতর থেকে ১৮টি সোনার বার পাওয়া যায়। সোনার বারের ওজন ২ কেজি ১০০ গ্রাম, যার বাজারমূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা।
বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, উদ্ধার করা মোটরসাইকেল ও সোনার বার বেনাপোল বন্দর থানায় দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পরে সোনার বার ট্রেজারিতে জমা করা হবে।