আখাউড়া দিয়ে ভারত থেকে তিন দিনে এল ১৮০০ মেট্রিক টন গম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত থেকে বাংলাদেশে গম আসছে
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। গত তিন দিনে ভারত থেকে বাংলাদেশে এল ১ হাজার ৮০০ মেট্রিক টন গম। আগামী কয়েক দিনে আরও ৭০০ মেট্রিক টন গম আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছাবে। তবে আখাউড়া স্থলবন্দরের ইয়ার্ডে ভারত থেকে আসা ট্রাকের জায়গা না থাকায় বাকি গমগুলো আসতে সময় লাগতে পারে বলে জানিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার ভারত থেকে ১৫টি ট্রাকে করে প্রায় ৩৫০ মেট্রিক টন গম এসে পৌঁছায় আখাউড়া স্থলবন্দরে। এর আগে বৃহস্পতিবার ৫৪টি ট্রাকে করে ১ হাজার ১৫০ মেট্রিক টন ও বুধবার ১১টি ট্রাকে করে প্রায় ৩০০ মেট্রিক টন গম এসে পৌঁছায় আখাউড়া স্থলবন্দরে। এই তিন দিনে ১ হাজার ৮০০ মেট্রিক টন গম আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছেছে।

আখাউড়া কাস্টম সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৮৮ হাজার ৫২৪ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে, যার মূল্য ২৫৯ কোটি ২১ লাখ ৪৪ হাজার টাকা। চলতি বছরের জুনে গম আমদানি বন্ধ থাকলেও জুলাই মাসে ৫০০ মেট্রিক টন গম আমদানি হয়েছে, যার মূল্য ১ কোটি ৫৬ লাখ ১৯ হাজার টাকা।

আখাউড়া বন্দর সূত্রে জানা গেছে, শুল্কমুক্ত সুবিধায় গমগুলো আমদানি করেছে ঢাকার সাভারের ইসলাম অ্যাগ্রোভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। আর গমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করছে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ।

মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. মোজাম্মেল হক বলেন, বাংলাদেশে গমের প্রচুর চাহিদা থাকায় গম আমদানি করা হচ্ছে। গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির আগে ২ হাজার ৫০০ মেট্রিক টন গম আমদানির জন্য এলসি খুলেছিল ইসলাম অ্যাগ্রোভেট লিমিটেড। ওই এলসির মধ্যে গত ৩ দিনে ১ হাজার ৮০০ মেট্রিক টন গম এসেছে। বাকি ৭০০ মেট্রিক টন গমবোঝাই ট্রাকগুলো আগরতলা স্থলবন্দরে আটকা পড়ে আছে। আজ রোববার থেকে গমগুলো খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া স্থলবন্দর ওয়্যারহাউস সুপারিনটেন্ডেন্ট মো. সামাউল ইসলাম বলেন, ৮০টি ভারতীয় ট্রাকে প্রায় ১ হাজার ৮০০ মেট্রিক টন গম আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করেছে। স্থলবন্দর ইয়ার্ডে ট্রাক রাখার আর জায়গা নেই। গমগুলো খালাস কার্যক্রম শুরু হয়েছে।