মহাসড়কের পাশে পড়ে ছিল অটোরিকশাচালকের লাশ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) পাশ থেকে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেয়াইন ইউনয়নের রামেরখোলা এলাকার উড়ালসেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. শাহাদাৎ হাওলাদার (৩০)। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার পিইউহাটি গ্রামের রাজিব হাওলাদারের ছেলে। শাহাদাৎ তাঁর পরিবারের সঙ্গে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ভাড়া বাড়িতে থাকতেন।
স্থানীয় কয়েকজন বলেন, আজ সকালে রামেরখোলা এলাকার উড়ালসেতুর নিচে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার বিকেলের দিকে শাহাদাৎ অটোরিকশা নিয়ে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করে শাহাদাৎ হাওলাদারকে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অটোরিকশা উদ্ধার ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।