খালে নিখোঁজ ব্যক্তির লাশ মিলল ছয় ঘণ্টা পর
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের একটি খালে পড়ে নিখোঁজ হওয়া এক ব্যক্তির লাশ ছয় ঘণ্টা পর উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
শনিবার বেলা একটার দিকে হাজীপুর ৭ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার পোলের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির নাম মো. হাসান (৪০)। তিনি ওই ইউনিয়নের মন্নান মেম্বারের বাড়ির আবদুস সোবহানের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, তাল কুড়াতে গিয়ে খালের পানিতে পড়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, শনিবার ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হন হাসান। সকাল সাতটার দিকে তিনি বাড়ির সামনের খালপাড়ের একটি গাছের নিচে তাল কুড়াতে যান। এ সময় তাল নিতে গিয়ে পা পিছলে খালের পানিতে পড়ে যান। খালে স্রোত থাকায় আর উঠতে পারেননি।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে বেলা একটার দিকে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় কালা মিয়ার পোলের নিচে থেকে তাঁর লাশ উদ্ধার করেন।
হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আজিম মির্জা প্রথম আলোকে বলেন, বিকেল চারটায় জানাজা শেষে হাসানের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানতে চাইলে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক প্রথম আলোকে বলেন, পরিবারের লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।