ওজন বাড়াতে চিংড়িতে জেলি পুশ, জরিমানা দেড় লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ওজন বাড়ানোর জন্য চিংড়ির শরীরে বিষাক্ত রাসায়নিক ও জেলি পুশ করার দায়ে তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে উপজেলার মহিষকুড় বাজারে যৌথভাবে অভিযান চালায় মৎস্য বিভাগ ও র‍্যাব-৬। অভিযানে ২০০ কেজি চিংড়ি, ৮০ কেজি জেলি ও ৬০টি সিরিজ জব্দ করে ধ্বংস করা হয়।

র‌্যাবের সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর দয়াল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষকুড় বাজারে একটি চক্র চিংড়ির ওজন বাড়ানোর জন্য সিরিঞ্জের মাধ্যমে বিষাক্ত রাসায়নিক ও জেলি পুশ করছে। পরে র‌্যাবের সাতক্ষীরা ক্যাম্পের একটি দল ও আশাশুনি মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার আজ রোববার বেলা একটার দিকে ওই বাজারে অভিযান চালায়। এ সময় চিংড়িতে কেমিক্যাল ও জেলি পুশ করার সময় হাতেনাতে মহিষকুড় এলাকার আল মামুন, মো. শাহাজাহান ও রাকেশ মণ্ডলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা চিংড়ি, জেলি ও সিরিঞ্জ পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।