বাল্যবিবাহ ও বিদেশযাত্রা, এসএসসি থেকে ঝরল সখীপুরের ৭৪ শিক্ষার্থী
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৭৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তাদের মধ্যে ৩৯টি মেয়ে বাল্যবিবাহের কারণে ও ৩৫টি ছেলে শ্রমিক ভিসা নিয়ে বিদেশ চলে যাওয়ায় পরীক্ষা দিতে পারেনি। ভুয়া জন্মনিবন্ধন সনদ দেখিয়ে মেয়েদের বাল্যবিবাহ হচ্ছে; আর ছেলেরা বিদেশে পাড়ি জমাচ্ছে।
এ অবস্থায় ভুয়া জন্মসনদ ও বাল্যবিবাহ ঠেকানো না গেলে এভাবে কিশোর–কিশোরী শিক্ষার্থীদের পড়াশোনা থেকে ঝরে পড়া রোধ করা যাবে না বলে মনে করেন শিক্ষাসংশ্লিষ্ট অনেকে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ২ হাজার ৪৮৯ জন এসএসসি, ৬০৭ জন দাখিল ও ২১৬ জন এসএসসি ভোকেশনালের (মোট ৩ হাজার ৩২১ জন শিক্ষার্থী) ফরম পূরণ করেছিল। তাদের মধ্যে ১ হাজার ৩০৪ জন ছাত্র এবং ১ হাজার ৭০৮ জন ছাত্রী। গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন ৪১ জন ছেলে, ৪১ জন মেয়ে অংশ নেয়নি।
সংশ্লিষ্ট বিদ্যালয়, মাদ্রাসা ও চারটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে কথা বলে জানা যায়, ৪১ জন মেয়েশিক্ষার্থীর মধ্যে ৩৯ জনের বাল্যবিবাহ হয়েছে এবং ২ জন অসুস্থ। ৪১ জন ছেলেশিক্ষার্থীর মধ্যে ৩৫ জন ভুয়া জন্মসনদের মাধ্যমে শ্রমিক ভিসায় বিদেশে গেছে, ৪ জনের বিদেশ যাওয়া প্রক্রিয়াধীন, একজন খুনের মামলার প্রধান আসামি এবং আরেকজন পাবনার মানসিক হাসপাতালে ভর্তি রয়েছে।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহ ঠেকাতে হলে অভিভাবকদের সচেতন
হতে হবে। এ ছাড়া ভুয়া জন্মসনদ ঠেকাতে পুলিশের কঠোর ভূমিকা নিতে হবে।
এবারের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অনুপস্থিতির তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, উপজেলার ৪৯টি উচ্চবিদ্যালয়ের মধ্যে ১৯টির ৩৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তাদের মধ্যে ১৫ জন মেয়ে ও ১৮ জন ছেলে। উপজেলার ২৭টি মাদ্রাসার মধ্যে ১৬টি মাদ্রাসার ৩৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তাদের মধ্যে ১৮ জন ছেলে ও ১৯ জন মেয়ে। চারটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুপস্থিত থাকা ১২ জনের মধ্যে ৭ জন মেয়ে ও ৫ জন ছেলে। পরীক্ষার্থীর সংখ্যার অনুপাতে মাদ্রাসায় অনুপস্থিতির হার বেশি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, শুধু ভ্রাম্যমাণ আদালত দিয়ে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব নয়। এর কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন হতে হবে। সামাজিক সচেতনতাও বাড়াতে হবে।
গড়গোবিন্দপুর উদয়ন উচ্চবিদ্যালয়ের তিন মেয়ে ও এক ছেলেশিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। তাদের মধ্যে তিন মেয়ের বাল্যবিবাহ হয়েছে। আর একমাত্র ছেলেশিক্ষার্থী পরীক্ষা শুরু হওয়ার এক মাস আগে শ্রমিক ভিসায় সৌদি আরবে গেছে।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষার আগে তিন মেয়ে প্রবেশপত্র না নেওয়ায় আমরা তাদের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারি, তিনজনেরই বিয়ে হয়ে গেছে।’
ওই বিদ্যালয়ের বাল্যবিবাহের শিকার এক ছাত্রীর চাচা বলেন, ‘গোপনে বিয়ে হয়েছে। ওই সময় ছেলের বাবা বলেছিল, আমাদের মেয়েকে পড়াবে। এখন বলছে, মেয়েটির স্বামী পড়াতে চায় না। এ কারণেই ও এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।’
উপজেলার কাহারতা ইসলামিয়া দাখিল মাদ্রাসার রাকিবুল ইসলাম পরীক্ষা শুরুর আগেই বিদেশ চলে গেছে। তার বাবা আশরাফ আলী প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেটা দুষ্টু পোলাপানের সঙ্গে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল। তাই তাকে তাড়াতাড়ি বিদেশ পাঠিয়ে দিয়েছি।’
উপজেলার কচুয়া ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি বলে জানিয়েছেন সুপার আবদুল হামিদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘তাদের মধ্যে তিনজন ছেলের সবাই বিদেশে চলে গেছে। আর মেয়ে দুজনের বিয়ে হয়ে গেছে বলে শুনেছি।’ তাদের মধ্যে এক শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমি দরিদ্র মানুষ। এখন দিনকাল ভালো না। ভালো ছেলে পাওয়ায় মেয়েকে বিয়ে দিছি।’
উপজেলার ইন্দারজানি উচ্চবিদ্যালয়, শুরীরচালা আবদুল হামিদ উচ্চবিদ্যালয়, লাংগুলিয়া উচ্চবিদ্যালয়, শহীদ আবদুর রকিব উচ্চবিদ্যালয়, নলুয়া বাসেত খান উচ্চবিদ্যালয়, গোহাইলবাড়ী আবদুল গনি উচ্চবিদ্যালয় ও বড়চওনা উচ্চবিদ্যালয়ের একজন করে ছাত্র পরীক্ষা শুরুর আগেই বিদেশে পাড়ি জমিয়েছে বলে প্রধান শিক্ষকেরা নিশ্চিত করেছেন।
জানতে চাইলে শুরীরচালা আবদুল হামিদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী তমাল আহমেদের চাচা শফিকুল প্রথম আলোকে বলেন, তমালের এক খালু বিদেশে থাকেন। তিনিই ভিসা পাঠিয়েছেন। তমালের বাবাকে তেমন কোনো টাকাপয়সা খরচ করতে হয়নি।
লাংগুলিয়া উচ্চবিদ্যালয়ের আতিক হাসানও বিদেশ চলে গেছে। নবম শ্রেণির নিবন্ধন অনুযায়ী আতিক হাসানের বয়স ১৭ বছর দুই মাস। সে কীভাবে বয়স বাড়িয়ে ২১ বছর বানিয়ে পাসপোর্ট করে বিদেশ গেল—জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর এক আত্মীয় প্রথম আলোকে বলেন, টাকা খরচ করলে এ দেশে সব হয়।
এ ছাড়া কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, কাহারতা মাদ্রাসা, কালিয়ান দাখিল মাদ্রাসা, কামালিয়া চালা মাদ্রাসা, ইছাদিঘী দাখিল মাদ্রাসা, শোলা প্রতিমা দাখিল মাদ্রাসা, আজগরিয়া দাখিল মাদ্রাসা, বেড়বাড়ী দাখিল মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থী বিদেশে চলে গেছে বলে সংশ্লিষ্ট মাদ্রাসার সুপাররা জানিয়েছেন। কালিয়ান উচ্চবিদ্যালয়ের এক ছাত্র খুনের মামলার আসামি হওয়ায় এবং ইছাদিঘী দাখিল মাদ্রাসার তিন ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ায় তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি।
সূর্য তরুণ শিক্ষাঙ্গনের কারিগরি শাখার (এসএসসি ভোকেশনাল) এক ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ায় পরীক্ষায় অংশ নেয়নি বলে সহপাঠীরা জানিয়েছে। তবে ওই মেয়ের চাচা বিয়ে হওয়ার বিষয়টি চেপে গিয়ে প্রথম আলোকে বলেন, কাবিনটাবিন কিছুই হয়নি। শুধু বিয়ের কথা চলছে। অসুস্থ থাকায় সে পরীক্ষায় অংশ নেয়নি।
উপজেলার মুন্সিগঞ্জ মোকছেদিয়া দাখিল মাদ্রাসার এক ছাত্রী এবারের দাখিল পরীক্ষায় অংশ নেয়নি। ওই ছাত্রীর বাবা বলেন, ‘মেয়ের জামাই বিদেশে আছে। জামাই আমার মেয়েকে পড়াতে চায় না। তাই মেয়েটি আর পরীক্ষা দিতে পারেনি।’
কিশোরদের বিদেশ যাওয়া প্রসঙ্গে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপপরিদর্শক মো. ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাজ হচ্ছে, পাসপোর্ট আবেদনকারী ব্যক্তির ঠিকানা যাচাই করা ও তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা দেখা। জন্মসনদ যাচাইয়ের কোনো ক্ষমতা আমাদের দেওয়া হয়নি।’