সড়ক বন্ধ করে বসছে মেলা

জেলা প্রশাসন এখনো মেলা বসানোর অনুমতি দেয়নি। অথচ এক সপ্তাহ ধরে ব্যস্ত সড়কের ওপর চলছে

মেলার প্রস্তুতি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষ ও যানবাহন চলাচলের সড়কে মেলার দোকানঘর নির্মাণ করা হচ্ছে। মুন্সিগঞ্জের লঞ্চঘাট এলাকায়
ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাট সড়কে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। অথচ গুরুত্বপূর্ণ এই সড়কের এক পাশ বন্ধ করে বসানো হচ্ছে মাসব্যাপী দশমী মেলা। প্রশাসনের অনুমতি ছাড়াই এ মেলার আয়োজনে চলছে নানা ধরনের প্রস্তুতি। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, সড়ক বন্ধ করে মেলার আয়োজনে এক মাস চরম দুর্ভোগ পোহাতে হবে।

স্থানীয় লোকজন বলেন, মনসাপূজা উপলক্ষে এই মেলা অনেক বছর ধরে চলে আসছে। দুই–তিন বছর আগেও শহরে মানুষের সংখ্যা কম ছিল। গাড়ির সংখ্যা ছিল হাতেগোনা। তখন লঞ্চঘাট এলাকার এ সড়কের এক লেন দিয়ে মানুষ ও যানবাহন সহজেই যাওয়া-আসা করতে পারত। এখন সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে অনেক। সামান্য এদিক–সেদিক হলে যানজট লেগে যায়। এর মধ্যে এক পাশ বন্ধ করে মেলার এমন আয়োজন বিনোদনের চেয়ে শহরবাসীর ভোগান্তি বাড়াবে।

আমরা এখনো ওই সড়কের ওপর মেলা বসানোর অনুমতি দিইনি। সড়কের গুরুত্ব পর্যালোচনা করে মেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কাজী নাহিদ রসূল, জেলা প্রশাসক, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুজন হায়দার প্রথম আলোকে বলেন, শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়কে মেলা না করে নির্ধারিত একটি স্থানে করলে ভালো হয়। যত্রতত্র কিছু দিন পর পর মেলার আয়োজন মেলার মূল আকর্ষণকে নষ্ট করেছে। এ ধরনের মেলার কারণে শহরের নিয়মিত ব্যবসা-বাণিজ্যের ওপরে প্রভাব পড়ছে। এ ছাড়া মেলাকে কেন্দ্র করে বহিরাগত অনেক মানুষ শহরে আসেন। শহরে মানুষের চাপ বৃদ্ধিতে বিড়ম্বনা বাড়ছে।

গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, লঞ্চঘাটে যাওয়া-আসার প্রধান সড়কের পূর্ব পাশের ৪০ ফুট চওড়া লেনটিতে মেলার জন্য দোকানঘর নির্মাণ করা হচ্ছে। রেড ক্রিসেন্ট ভবনের উত্তর পাশ থেকে শুরু করে লঞ্চ ঘাট পর্যন্ত ২০০ মিটার সড়ক বন্ধ করে এ মেলার আয়োজন করা হচ্ছে। বাঁশ, টিন ও ত্রিপল দিয়ে কয়েকজন শ্রমিক মেলার ঘর নির্মাণের কাজ করছেন।

মেলা আয়োজনের দেখভালে রয়েছেন বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি। তিনি জানান, পৌরসভার অনুমতি নিয়ে তিনি মেলা বসানোর কাজ করছেন। আর পৌর কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছে মেলার জন্য আবেদন করেছে। সড়কের এ মেলায় ১০০-১২৫টির মতো দোকান হবে। প্রতিটি দোকান থেকে আকারভেদে ৫০০ থেকে ১০০০ টাকা দিন হিসেবে ভাড়া আদায় করা হবে। এ মেলা বসাতে পৌরসভাকে তিনি এখনো কোনো টাকা দেননি বলে দাবি বিল্লাল হোসেনের। তবে পৌরসভা, ডিসি অফিস, পুলিশসহ সবাইকে ম্যানেজ করতে হচ্ছে তাঁকে।

মেয়র স্বাক্ষরিত একটি আবেদন থেকে জানা যায়, মনসাপূজা উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ দশমী মেলার আয়োজন করতে যাচ্ছে পৌরসভা। আয়োজনের অনুমতি চেয়ে গত ৩১ জুলাই মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের বরাবর আবেদন পাঠানো হয়েছে। জেলা প্রশাসনে খোঁজ নিয়ে জানা যায়, এখনো তারা মেলা বসানোর কোনো অনুমতি দেয়নি। অথচ এর আগেই গত এক সপ্তাহ ধরে সড়কের ওপর দোকানঘর নির্মাণের কাজ চলছে।

দুই লেনের সড়কটির পশ্চিম পাশে সকালে ফলের হাট বসানো হয়। তখন এ পাশ দিয়ে যানবাহন ও মানুষ চলাচল প্রায় বন্ধই থাকে। পূর্ব পাশ দিয়ে চলে যাতায়াত। পূর্ব পাশেই চলছে মেলার আয়োজন। মেলার কারণে এই পাশ পুরো এক মাস বন্ধ থাকবে। এ পথ ব্যবহারকারী কয়েকজন পথচারী ও যানবাহনের চালক বলেন, মেলায় অতিরিক্ত দর্শনার্থী, যানবাহনের সমাগম হবে। এর ফলে লঞ্চঘাটে আসা–যাওয়া করতে দুর্ভোগের সৃষ্টি হবে। মেলা বসানোয় বন্ধ হয়ে যাবে রাস্তার পাশের নিম্ন আয়ের মানুষের টং দোকানগুলোও। সব মিলিয়ে রাস্তার ওপর মেলার আয়োজন করা ঠিক হবে না বলে মনে করেন তাঁরা।

স্থানীয় চায়ের দোকানদার শুকুর আলী বলেন, ‘সড়কের পাশেই আমার দোকান। দোকানের সামনের অংশ ঘেঁষে মেলার দোকান বানানো হচ্ছে। প্রতিবছর সড়কে এভাবে মেলা বসানো হয়। যখনই এখানে মেলা বসে, তখনই দোকান বন্ধ রাখতে হয়। এতে সংসার চালানো কষ্টকর হয়।’

পৌর মেয়র ফয়সাল বিল্পব চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। ভারপ্রাপ্ত মেয়র সোহেল রানা বলেন, কিছু দিন আগে তাঁরা মেলার অনুমতির জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলেন। মেলার বসানোর অনুমতি আজকালের মধ্যে পেয়ে যাবেন। আর পৌরসচিব সাইদুল ইসলাম জানান, মেলার বিষয়টি তাঁর জানা নেই। অনুমতি হয়েছে কি না, এটিও তিনি জানেন না।

মেলার অনুমতি প্রসঙ্গে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো ওই সড়কের ওপর মেলা বসানোর অনুমতি দিইনি। সড়কের গুরুত্ব পর্যালোচনা করে মেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’