রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে নির্যাতনের ঘটনায় তদন্তকাজ এখনো শেষ করতে পারেনি তদন্ত কমিটি। আজ বৃহস্পতিবার কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ জানিয়েছেন, আগামী রোববার প্রতিবেদন জমা হবে।
এর আগে ১২ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কৃষ্ণ রায়কে হলের কক্ষে আটকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের হল শাখার সাধারণ সম্পাদক মো. নাইম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমানসহ ছাত্রলীগের সাত–আটজন নেতা–কর্মীর বিরুদ্ধে। এরপর ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেন কৃষ্ণ রায়। অভিযোগে নির্যাতনের পাশাপাশি ওই শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অভিযোগ জমা দেওয়ার পর ১৫ ফেব্রুয়ারি এই ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান করা হয়। তবে ১৬ ফেব্রুয়ারির পর টানা তিন দিন ও ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। সে হিসেবে সোম ও মঙ্গলবার ছিল তদন্ত কমিটির দ্বিতীয় ও তৃতীয় দিন।
তদন্ত কমিটির আহ্বায়ক আবাসিক শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক অনুপম হীরা মণ্ডল বলেন, তাঁরা ইতিমধ্যে অভিযুক্ত ও অভিযোগকারীদের চিঠি ইস্যু করেছেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তাঁরা কাজ এগোতে পারেননি। দ্রুত শেষ করে প্রতিবেদন জমা দেবেন।
হল প্রাধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন বলেন, তিনি তদন্ত কমিটির সঙ্গে কথা বলেছেন। তাঁরা আগামী রোববারের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারবেন।
কারণ দর্শানোর লিখিত জবাব পেয়েছে ছাত্রলীগ
কৃষ্ণ রায়কে হলের কক্ষে আটকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত মো. নাইম আলী ও সোলাইমানকে গত শনিবার কারণ দর্শানোর নোটিশ দেয় ছাত্রলীগ। তাঁদের তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। এ ব্যাপারে ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবুল বাশার প্রথম আলোকে বলেন, ওই দুজনই লিখিত জবাব নির্ধারিত দিনের মধ্যে জমা দিয়েছেন। এখন সেই জবাব দেখে ছাত্রলীগ তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।