আ.লীগের নজর নির্বাচনে, অস্তিত্ব রক্ষায় বিএনপি

জেলা বিএনপির কার্যালয় তালাবদ্ধ। ডিসেম্বর মাসে পুলিশের বাধায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে পারেননি দলটির নেতা-কর্মীরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় বড় ধরনের সমাগম ও শহরে বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে বছর শেষ করল জেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তি ও বিজয় দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শহরের বিভিন্ন সড়কে দুপুরে যখন আওয়ামী লীগের এ কর্মসূচি পালিত হচ্ছিল, তখন শহরের ইসলামপুর পাড়ায় জেলা বিএনপির কার্যালয় ছিল তালাবদ্ধ। ডিসেম্বর মাসে পুলিশের বাধায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে পারেননি দলটির নেতা-কর্মীরা। জেলা বিএনপির শীর্ষ দুই নেতা কারাগারে রয়েছেন। এমন পরিস্থিতিতে সমাবেশে আওয়ামী লীগের নেতারা কর্মীদের উদ্দেশে যখন আগামী নির্বাচনের প্রস্তুতির বার্তা দিচ্ছেন, একই সময়ে মাগুরা জেলা বিএনপির নেতারা মাঠে টিকে থাকার কৌশল খুঁজছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তি ও বিজয় দিবস উপলক্ষে গতকাল যে কর্মসূচির আয়োজন করা হয়, সেটা গুরুত্বের সঙ্গে নিয়েছে আওয়ামী লীগ। সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিটের নেতাদের নেতৃত্বে ছোট ছোট মিছিল শহরের নোমানী ময়দানে এসে জড়ো হয়। দুপুর ১২টার দিকে নোমানী ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে সৈয়দ আতর আলী সড়ক, ঢাকা রোড, ভায়না মোড় ও কলেজ রোড হয়ে একই স্থানে এসে শেষ হয়। জেলা আওয়ামী লীগের আয়োজনে এ কর্মসূচিতে নেতা–কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন মাগুরার দুই সংসদ সদস্য সাইফুজ্জামান ও বীরেন শিকদার। মিছিলের আগে–পরে দলের শীর্ষ পর্যায়ের নেতারা বক্তব্য দেন। প্রায় সবার বক্তব্যের মূল বিষয় ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বার্তা।

বছরের শেষ দিনে অবশ্য ভিন্ন চিত্র লক্ষ করা গেছে বিএনপি শিবিরে। ইসলামপুর পাড়া জেলা বিএনপির দলীয় কার্যালয় ছিল তালাবদ্ধ। নেতা–কর্মীদের জটলাও শহরে কোথাও দেখা যায়নি। বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের মাঝামাঝি সময়ে ক্ষমতাসীন দল ও পুলিশের বাধা উপেক্ষা করেও বেশ কিছু কর্মসূচি পালন করতে সমর্থ হয় দলটি। তবে ঢাকায় গত ১০ ডিসেম্বর সমাবেশের পরই কঠোর অবস্থান নেয় পুলিশ। ১৩ ডিসেম্বর কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশের আগের রাতে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও সদস্যসচিব আকতার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পণ্ড হয়ে যায় ওই দিনের কর্মসূচি। একইভাবে ২৩ ডিসেম্বরও পুলিশের ‘চাপে’ সমাবেশ করতে পারেনি বিএনপি। পুলিশের চাপের পাশাপাশি জেলা বিএনপির নেতৃত্বের ব্যর্থতা ও সমন্বয়হীনতাকে দায়ী করছেন তৃণমূল কর্মীরা।

২০২২ সালে মাগুরার রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হচ্ছে জেলা আওয়ামী লীগের সম্মেলন। ১৪ মে শহরের নোমানী ময়দানে জাঁকজমকপূর্ণভাবে সম্মেলন আয়োজন করে আওয়ামী লীগ। আগের কমিটির দুই শীর্ষ নেতা আ ফ ম আবদুল ফাত্তাহ ও পঙ্কজ কুমার কুণ্ডুকেই আবারও দায়িত্ব দেওয়া হয়।

পঙ্কজ কুমার কুণ্ডু বলেন, ‘এখন নির্বাচনই আমাদের মূল লক্ষ্য। সামনের বছর প্রতিটি ইউনিয়নে কর্মিসভার মাধ্যমে সংগঠন শক্তিশালী করার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানো হবে। শিগগিরই জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সর্বশেষ ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনের ফলাফল আমাদের পক্ষে গেছে। সব মিলিয়ে আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

অন্যদিকে ২৭ আগস্ট শহরের ভায়না মোড়ে বিএনপির কর্মসূচি ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে উসকানিমূলক বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগ সমাবেশে হামলার পর উভয় পক্ষের সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয় বিএনপির দলীয় কার্যালয়। বিএনপি নেতারা বলছেন, ওই ঘটনায় ২৮ আগস্ট উল্টো বিএনপি নেতা–কর্মীদের নামেই মামলা করেন ছাত্রলীগের এক নেতা। ওই মামলায় জেলা বিএনপির আহ্বায়ক, সদস্যসচিবসহ এখন পর্যন্ত ৬০ জন কারাগারে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আহসান হাবীব বলেন, ‘সরকার পুলিশ দিয়ে দেশ চালাচ্ছে। সভা–সমাবেশে বাধা দেওয়ার পাশাপাশি নেতা–কর্মীদের নানাভাবে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। তবে এ মুহূর্তে আমাদের নেতা–কর্মীরা ভীষণ উজ্জীবিত। দলের মধ্যে কিছুটা সমন্বয়হীনতা রয়েছে। নতুন বছরে আমরা শক্তিশালী অবস্থান নিয়ে মাঠে থাকব।’