ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে দলীয় পদ হারালেন বিএনপি নেতা
জামালপুরের মেলান্দহ উপজেলায় ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হোসেন আলীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। হোসেন আলী ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
গতকাল শনিবার রাতে উপজেলার ফুলকোচা ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জহুরুল হক ও সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
ফুলকোচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। দলের নাম ব্যবহার করে কেউ শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হলে তাঁর দায় দল নেবে না। হোসেন আলীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এ ধরনের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে উপজেলার ফুলকোচা এলাকায় অভিযান চালিয়েছেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় ফুলকোচা গ্রামের মঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে থেকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়।
পরে শনিবার সকালে মেলান্দহ থানায় হোসেন আলীর বিরুদ্ধে একটি মামলা করা হয়। পরে তাঁকে আদালতে তোলা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হোসেন আলীকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার।