পাহাড় কাটায় ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে মামলা
নগরের আকবরশাহ থানাধীন লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কেটে স্থাপনা নির্মাণের দায়ে এক ওয়ার্ড কাউন্সিলরসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই কাউন্সিলর হলেন উত্তর পাহাড়তলী ওয়ার্ডের জহুরুল আলম। আজ বুধবার পরিবেশ অধিদপ্তর মামলাটি করে।
গত সোমবার পরিবেশ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শনকালে দেখতে পায়, লেকসিটি আবাসিক এলাকায় টিলা শ্রেণির পাহাড় কেটে ফেলেছে। ৩ শতাংশ এলাকায় পাহাড় কাটা হয়েছে। নির্মাণ করা হয়েছে একটি টিনশেড সেমিপাকা স্থাপনা।
এর পরিস্থিতি দেখার পর আজ পরিবেশ অধিদপ্তরে শুনানিতে অভিযুক্ত ব্যক্তিদের ডাকা হয়। শুনানিতে উপস্থিত হয়ে স্থাপনার তত্ত্বাবধায়ক মোহাম্মদ হৃদয় জানান, পাহাড় কাটার পর করা স্থাপনাটি জহুরুল আলম ও তাঁর স্ত্রী তাছলিমা বেগমের।
পরে আজ বিকেলে আকবরশাহ থানায় জসিম, তাঁর স্ত্রী ও হৃদয়ের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বাদী অধিদপ্তরের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন।