ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে নেমেছে ডুবুরি দল
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে অপেক্ষমাণ একটি ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে। আজ বেলা ১১টা পর্যন্ত তাঁকে উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দল।
নিখোঁজ ব্যক্তির নাম রেজাউল শিকদার (৩৫)। তিনি গোয়ালন্দ উপজেলার বাহির দৌলতদিয়া শাহাদৎ মেম্বারপাড়ার মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে। একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, যানবাহন লোডের অপেক্ষায় থাকা রো-রো (বড়) ফেরি ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’-এর পন্টুনে কয়েকজনের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে নদীতে লাফ দেন তিনি। তবে স্বজনেরা বলছেন, প্রতিপক্ষের লোকজন তাঁকে নদীতে ফেলে দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ফেরিঘাট এলাকার বাসিন্দা রিয়াজুল শেখ জানান, গতকাল বিকেলে ওই ফেরিতে জুয়াড়িদের একটি দল জুয়া খেলার টাকা নিয়ে এক যাত্রীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রেজাউল ফেরির পন্টুন থেকে পদ্মা নদীতে লাফ দেন। তাঁকে ধরতে গিয়ে ওই যাত্রীও নদীতে ঝাঁপ দেন। পরে ঘাটে থাকা লোকজন যাত্রীকে টেনে তুলতে পারলেও রেজাউলকে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি নদীতে তলিয়ে যান।
রেজাউলের বড় ভাই হারুন শিকদার ও রবিউল শিকদার অভিযোগ করে বলেন, জমি নিয়ে জুয়াড়ি চক্রের হোতাদের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের বিরোধ আছে। এ নিয়ে মামলা হয়েছে এবং তাঁরা জেলও খেটেছেন। তাঁদের ধারণা, পরিকল্পিতভাবে রেজাউলকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। কারণ, অন্য যাত্রীকে উদ্ধার করা হলেও রেজাউলকে ইচ্ছাকৃতভাবে উদ্ধার করা হয়নি। ভাইয়ের সন্ধান পাওয়ার পর তাঁরা জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।
জানতে চাইলে ফেরির দ্বিতীয় মাস্টার হাসান আলী বলেন, ফেরিতে কোনো অপ্রীতিকর ঘটনার বিষয়টি তাঁর জানা নেই। তবে স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি এ ধরনের ঘটনার কথা শুনেছেন।
এদিকে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ত্রিনাথ সাহা বলেন, ওই দিন জুয়াড়িরা কৌশলে এক যাত্রীর টাকা হাতিয়ে নেয়। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে প্রথমে রেজাউল শিকদার নদীতে লাফ দেন। তাঁকে ধরতে গিয়ে ওই যাত্রীও নদীতে ঝাঁপ দেন। যাত্রীকে উদ্ধার করা গেলেও রেজাউলের কোনো সন্ধান পাওয়া যায়নি। যাত্রীটি ফেরিতে করে মানিকগঞ্জের পাটুরিয়া চলে যাওয়ায় তাঁকে পাওয়া যায়নি।
ত্রিনাথ সাহা আরও জানান, রেজাউল শিকদারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় চারটি মাদক মামলা, মানিকগঞ্জ ও গোয়ালন্দ থানায় দুটি ছিনতাই মামলা এবং গোয়ালন্দ থানায় একটি জুয়ার মামলা আছে।
নিখোঁজ রেজাউলের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে জানিয়ে মানিকগঞ্জের আরিচা স্থলকাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার জয়নাল আবেদীন বলেন, আজ সকাল থেকে ছয় সদস্যের একটি দল আবার উদ্ধার অভিযানে নেমেছে।