পদযাত্রায় অংশ নেওয়ায় রূপগঞ্জে বিএনপির নেতা–কর্মীদের দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির পদযাত্রায় অংশ নেওয়ায় ওই দলের নেতা-কর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির নেতাদের অভিযোগ, উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিএনপির নেতা-কর্মীদের মারধর করে ও ভয়ভীতি দেখিয়ে অন্তত পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে বাধা দিয়েছেন।
এর মধ্যে টাকা দিয়ে ও ভবিষ্যতে কোনো কর্মসূচিতে অংশ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাত দিনে চারটি দোকান খোলা হয়েছে। তবে আজ শনিবার দুপুর পর্যন্ত মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেনের একটি করাতকল খুলতে দেওয়া হয়নি।
রূপগঞ্জ উপজেলা বিএনপির পাঁচ নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ ফেব্রুয়ারি মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের মুড়াপাড়া বাজারে পদযাত্রা করে। পদযাত্রা শেষে বাড়ি ফেরার পথে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হকের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. খোকনকে মারধর করেন।
এরপর ওই দিন দুপুরে ইউনিয়ন যুবলীগের সভাপতি তাওলাদ হোসেন মুড়াপাড়া বাজারে থাকা ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. জুলহাস মিয়ার কাঁচামালের দোকান বন্ধ করে দেন। এ সময় তাঁকে মারধর করা হয়। পরে জুলহাসকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে তাওলাদের অনুসারীরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেনের একটি করাতকলে তালা ঝুলিয়ে দেন। এ ছাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শহীদ মিয়ার কাঁচামালের দোকানও বন্ধ করে দিয়েছেন আওয়ামী লীগের লোকজন।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা ভেবেছিলাম, পদযাত্রার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমনটা হচ্ছে। কিন্তু পরে দেখা গেল, তারা (আওয়ামী লীগ) এভাবে বাজারে থাকা বিএনপির অন্তত ছয় নেতা-কর্মীর দোকান বন্ধ করে দিয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে নিজের সন্তানকে বিদ্যালয় থেকে আনতে যাওয়ার সময় ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সালাউদ্দিনকে মারধর করে এবং বাজারে থাকা তাঁর হোমিওপ্যাথি ওষুধের দোকান বন্ধ রাখতে বলে। পরে যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের চাহিদামতো টাকা দিয়ে কেউ কেউ দোকান খুলেছেন।’
এ বিষয়ে মো. সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিকেলে আমার সন্তানকে বিদ্যালয় থেকে বাসায় নিয়ে আসতে গেলে পথে কয়েকজন যুবক আমার মোটরসাইকেলের গতি রোধ করেন। এ সময় তাঁরা আমাকে বিএনপি ছেড়ে দিতে বলে চড়থাপ্পড় দেন। পরে আমার মোটরসাইকেলটি ভাঙচুর করে বাজারে থাকা আমার হোমিওপ্যাথির দোকানটি বন্ধ রাখতে বলা হয়।’
ওই যুবকদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তাঁদের নাম বলতে চাই না। এতে বিপদ বাড়বে।’
মারধরের পর দোকান বন্ধ রেখেছিলেন বিএনপির দুই নেতা-কর্মী। পরে তাঁরা টাকা দিয়ে দোকান খুলে নিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা এই প্রতিবেদককে বলেন, তাঁরা ১০ হাজার করে টাকা দিয়েছেন। এ ছাড়া ভবিষ্যতে বিএনপির কর্মসূচিতে অংশ না নেওয়ার শর্তে দোকান খুলতে দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক ওই ইউনিয়নের বাসিন্দা। তিনি প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন যুবলীগের সভাপতি তাওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক ইমদাদুল হকের নেতৃত্বে এক সপ্তাহ ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর এভাবে অত্যাচার-নির্যাতন চলছে। তাঁরা দোকান বন্ধ করে দিচ্ছেন। পরে টাকা দিলে আবার দোকান খুলতে দিচ্ছেন। রাজনীতির নাম করে মূলত তাঁরা চাঁদাবাজি শুরু করেছেন। কেবল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে ও মারধর করেই তাঁরা থামছেন না। বৃহস্পতিবার ইমদাদুল হক এক কারখানায় গিয়ে হুমকি দিয়েছেন। ওই কারখানায় যুবদলের তিন কর্মী চাকরি করেন। পর ওই হুমকির কারণে যুবদলের কর্মীদের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে।’
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তাওলাদ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এগুলো মিথ্যা অভিযোগ। কোনো একজনের কথায় তিনটা ছেলেকে (যুবদল কর্মী) কারখানা থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে জানতে পেরে ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে আমি নিজে গিয়ে তাঁদের কারখানায় দিয়ে এসেছি। ব্রাহ্মণগাঁওয়ের একজন আমাকে জানিয়েছেন, কারা যেন গিয়ে তাঁর দোকান বন্ধ করে দিয়েছে। আমি বলেছি, কেউ দোকান বন্ধ করতে এলে বা হুমকি দিলে বাজার কমিটি ও আমাকে জানানোর জন্য বলেছি। আমরা এমনটা হতে দেব না।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ প্রথম আলোকে বলেন, ‘আমরা এমন কোনো ঘটনার খোঁজ পাইনি। কেউ এমন অভিযোগও দেয়নি। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেব।’