গাজীপুরে মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা–ছেলে নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন তপন চন্দ্র দাস (৫০) ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তাঁদের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকায়। তাঁরা গাজীপুর নগরের টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা ২৭ নম্বর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, ভোরে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেলসংলগ্ন মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে লিখনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি আরও জানান, তপন চন্দ্র দাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।