পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফন ঘিরে কী হলো

পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফনের সময় তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন

পিরোজপুর সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে চিতলিয়া গ্রাম। এই গ্রামেই শনিবার গভীর রাতে ভয়-আতঙ্কের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে পারিবারিক কবরস্থানে দাফন করেন স্বজনেরা। তখন পুলিশ উপস্থিত ছিল। সোমবার দুপুর ১২টায় বাড়িটিতে গিয়ে কাউকে পাওয়া গেল না। চারদিকে কেমন যেন নীরবতা। এখান থেকে কিছুটা সামনে এগোলে মানিকের বোন হেনার বাড়ি। ডাকাডাকির পর তিনি বেরিয়ে আসেন। কিন্তু ভাইয়ের মৃত্যু–দাফন নিয়ে কোনো কথা বলতে চান না। একপর্যায়ে কাঁদতে শুরু করেন তিনি।