কাঁঠালগাছে ঝুলছিল আওয়ামী লীগ নেতার স্ত্রীর লাশ, পরিবারের দাবি হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে কাঁঠালগাছ থেকে নাজমা বেগম (৪৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দোয়ানিচালা এলাকায় বাড়ির পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নাজমা বেগম উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজ দেওয়ানের স্ত্রী ও দোয়ানিচালা গ্রামের আবুল বাশারের মেয়ে। নাজমার ভাইয়ের দাবি, নাজমাকে হত্যা করে বিষয়টি আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ নেতা মফিজ দেওয়ানের সঙ্গে তাঁর স্ত্রী নাজমার বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। মফিজ দেওয়ান একাধিক বিয়ে করেছেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জেরে গতকাল দিবাগত রাতের কোনো একসময় নাজমা বাড়ির পাশের কাঁঠালগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আজ সকালে প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় নাজমার লাশ দেখে থানা–পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত গৃহবধূর ভাই সজীব হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার বোন নাজমার সঙ্গে তাঁর স্বামী মফিজ দেওয়ানের মধ্যে পারিবারিক কলহ চলছিল। নাজমার স্বামী একাধিক বিয়ে করেছেন। আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা মফিজ দেওয়ানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি। এ ঘটনার পর থেকে তিনি বাড়িতে নেই বলে জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার বলেন, এটা হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, সেটা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।