আড়াই শ বছর পর ফিরে এলেন এক নাপিত, কী তাঁর গল্প

ইতালীয় শিল্পীদের নৃত্য, সংগীত আর শরীরী অভিব্যক্তিতে ফুটে ওঠা গল্প উপভোগ করেন দর্শনার্থীরা। গত শনিবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটেছবি: সৌরভ দাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চজুড়ে নীল রঙের ছটা। আলো-আঁধারির মধ্যে দ্রুত ছুটে চলছেন নৃত্যশিল্পীরা। কারও শরীর বাঁকছে, কেউ ঘুরছেন, কেউবা ছন্দের সঙ্গে মিলিয়ে ছুড়ে দিচ্ছেন দুই হাত। পেছনে ইতালীয় সংগীতকার জোয়াক্কিনো রোসিনির সুর। সেই সুরের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নৃত্যের গতি। যেন থামার অবকাশ নেই কারও। এই ব্যস্ততা, ছুটে চলা আর শরীরী অভিব্যক্তির মধ্য দিয়েই ফিরে আসেন আড়াই শ বছরের পুরোনো এক চরিত্র—ফিগারো।

পেশায় নাপিত হলেও ফিগারো সাধারণ কেউ নন। বুদ্ধি আর কৌশলে অসাধ্যসাধন করাই তাঁর কাজ। ১৭৭৫ সালে ফরাসি নাট্যকার পিয়ের-অগুস্তাঁ কারোঁ দ্য বোমার্শে যে ফিগারোকে সৃষ্টি করেছিলেন, তাঁকেই নতুন রূপ দিয়েছেন ইতালীয় নৃত্যপরিচালক মনিকা কাসাদেই। তাঁর নৃত্যনাট্য ইল বারবিয়েরে দি সিভিলিয়ায় সেই ফিগারো এখন আধুনিক সময়ের ব্যস্ত মানুষের প্রতিচ্ছবি।

গত শনিবার বিকেলে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে এই নৃত্যনাট্য পরিবেশন করে ইতালির নৃত্যদল আর্টেমিস দানজা। এক ঘণ্টার কিছু বেশি সময় ধরে চলে পরিবেশনা। মূল নৃত্যশিল্পী ছিলেন সাতজন। তাঁদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ। সহ নৃত্যশিল্পী হিসেবে অংশ নেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৯ শিক্ষার্থী।

বিকেল পৌনে চারটায় শুরু হওয়ার কথা নৃত্যনাট্যটির। তবে তার আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মিলনায়তন। সংস্কৃতিকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন সেখানে। ইতালীয় শিল্পীদের নৃত্য, সংগীত আর শরীরী অভিব্যক্তিতে ফুটে ওঠা গল্প উপভোগ করেন তাঁরা।

পরিবেশনার শুরুতে নীল আলোয় মঞ্চে নৃত্য শুরু করেন এক নারী। তাঁর পেছনে দাঁড়িয়ে ছিলেন ১২ জন। মুখোশে ঢাকা থাকায় কারও চোখ-মুখ দেখা যাচ্ছিল না। এরপর ধীরে ধীরে নৃত্যে গতি আসে। একে একে নিজেদের শরীরী ভাষায় মঞ্চে গল্প বলতে শুরু করেন শিল্পীরা।

সাত প্রধান নৃত্যশিল্পীর প্রত্যেকের অভিব্যক্তি ছিল আলাদা। কারও নৃত্যে গতির প্রাধান্য, কারও শরীরী ভঙ্গিতে শক্তির প্রকাশ। কখনো তাঁরা একসঙ্গে, কখনো আলাদাভাবে নৃত্য করেছেন। আবার কিছু নৃত্যভঙ্গি বারবার ফিরে এসেছে। শিল্পীদের শারীরিক দক্ষতা ও গতিময়তা ছিল চোখে পড়ার মতো।

একপর্যায়ে মঞ্চে দেখা যায় নাপিতের কাজের দৃশ্য। ফিগারো দাড়ি কাটার ভঙ্গি করছেন। এরপর আবার শুরু হয় নৃত্য। কখনো শারীরিক শক্তি প্রদর্শন, কখনো নানা কসরত। এসবের মধ্য দিয়ে ফুটে ওঠে চরিত্রটির কর্মচাঞ্চল্য।

নৃত্যের পাশাপাশি আলোর ব্যবহারও ছিল উল্লেখযোগ্য। কখনো নীল, কখনো লাল, আবার কখনো ধূসর আলো ছড়িয়ে পড়েছে মঞ্চে। মাঝেমধ্যে পুরো মঞ্চ ডুবে গেছে অন্ধকারে। আলো ও অন্ধকারের এই পরিবর্তনে বদলে গেছে পরিবেশনার দৃশ্যপট। সংগীতের সঙ্গে মিলিয়ে শরীরী অভিব্যক্তি ও আলোর ব্যবহারে পুরোনো গল্পটি নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পীরা।

আজকের পৃথিবীতে ফিগারো কে

নৃত্যনাট্যের আগে দর্শকদের সামনে প্রযোজনাটির ভাবনা তুলে ধরেন পরিচালক মনিকা কাসাদেই। তিনি বলেন, ‘এই প্রযোজনা তৈরির শুরুতে আমি নিজেকে একটি প্রশ্ন করেছিলাম, আজকের পৃথিবীতে ফিগারো কে?’

পরিচালক জানান, মূল অপেরার ফিগারো এমন একজন মানুষ, যিনি অন্যের সমস্যা সমাধান করেন। যেকোনো পরিস্থিতি সামলাতে পারেন। কিন্তু বর্তমান পৃথিবীতে মানুষের জীবন অনেক বেশি ব্যস্ত ও চাপের। সমাজ প্রত্যেকের কাছে প্রতিনিয়ত বেশি কিছু প্রত্যাশা করে। সবাইকে সব সময় প্রস্তুত থাকতে হয়। একই সঙ্গে অনেক কাজ সামলাতে হয়।

মনিকা কাসাদেই বলেন, ‘আমার কাছে আজকের ফিগারো এমন একজন মানুষ, যিনি একসঙ্গে হাজারটা কাজ করতে পারেন। ঠিক সময়ে ঠিক জায়গায় উপস্থিত থাকতে পারেন। তিনি একজন সমস্যা সমাধানকারী।’

এই ভাবনা থেকেই ফিগারোকে একজন পুরুষ চরিত্রের মধ্যে সীমাবদ্ধ রাখেননি পরিচালক। তাঁর নৃত্যপরিকল্পনায় নারী-পুরুষ সবাই যেন ফিগারো। প্রত্যেকের রয়েছে আলাদা দক্ষতা ও বৈশিষ্ট্য। কেউ একা নন, সবাই একটি দলের অংশ। পরিচালক বলেন, ‘আজকের পৃথিবীতে এত সমস্যা যে একজন মানুষের পক্ষে সবকিছুর সমাধান করা সম্ভব নয়। আমাদের একটি দল প্রয়োজন।’

মঞ্চে সাত প্রধান শিল্পীর আলাদা অভিব্যক্তি ও সম্মিলিত নৃত্যের সঙ্গে পরিচালকের এই ভাবনার মিল পাওয়া যায়। প্রত্যেকে নিজের মতো করে চরিত্রের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আবার দলীয় পরিবেশনায় তাঁদের সবার মধ্যে তৈরি হয়েছে সমন্বয়।

নৃত্যে হাস্যরসের ব্যবহারের কথাও তুলে ধরেন মনিকা। তিনি বলেন, আধুনিক মানুষের জীবনে কাজের চাপ অনেক। কিন্তু জীবন শুধু কাজ আর ব্যস্ততার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। মাঝেমধ্যে হাসতে হবে, আনন্দ করতে হবে, বিশ্রামও নিতে হবে। এ কারণেই প্রযোজনায় হাস্যরসের উপাদান যুক্ত করা হয়েছে।

আড়াই শ বছরের পুরোনো গল্প

ইল বারবিয়েরে দি সিভিলিয়ার বাংলা অর্থ ‘সেভিলের নাপিত’। মূল কাহিনির পটভূমি স্পেনের সেভিল শহর। সেখানে বাস করেন রোজিনা নামের এক তরুণী। তাঁর অভিভাবক চিকিৎসক ডন বার্তোলো নিজেই রোজিনাকে বিয়ে করতে চান। তাই তরুণীর চলাফেরা ও অন্যদের সঙ্গে যোগাযোগের ওপর কঠোর নজরদারি রাখেন।

অন্যদিকে রোজিনার প্রেমে পড়েছেন অভিজাত তরুণ কাউন্ট আলমাভিভা। তিনি নিজের পরিচয় গোপন করে রোজিনার কাছে পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ান বার্তোলো। তখন সাহায্যে এগিয়ে আসেন নাপিত ফিগারো। বুদ্ধি ও কৌশলে তিনি একের পর এক পরিকল্পনা সাজান। শেষ পর্যন্ত তাঁর সহায়তায় জয় হয় ভালোবাসার।

হাস্যরসাত্মক প্রেমের গল্প হলেও নাটকটির গভীরে রয়েছে ক্ষমতা, সামাজিক বৈষম্য ও ব্যক্তিস্বাধীনতার প্রশ্ন। আঠারো শতকের ইউরোপে অভিজাত শ্রেণির প্রভাব ছিল প্রবল। সেই সমাজে একজন সাধারণ নাপিতকে কাহিনির সবচেয়ে বুদ্ধিমান ও কৌশলী চরিত্র হিসেবে তুলে ধরেছিলেন বোমার্শে।

নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ১৭৭৫ সালে। এর ৪১ বছর পর, ১৮১৬ সালে নাটকটি অবলম্বনে অপেরা রচনা করেন ইতালীয় সংগীতকার জোয়াক্কিনো রোসিনি। তাঁর সেই বিখ্যাত অপেরা অবলম্বনে সমকালীন নৃত্যের ভাষায় নতুন প্রযোজনা তৈরি করেছেন মনিকা কাসাদেই। প্রযোজনাটির সংগীতায়োজন ও মৌলিক সুরে ছিলেন লুকা ভিয়ানিনি। পোশাকপরিকল্পনা করেছেন দানিয়েলা উসাই। আর নৃত্যপরিকল্পনা, মঞ্চসজ্জা ও আলোকপরিকল্পনায় ছিলেন মনিকা কাসাদেই নিজেই।

নৃত্যের ভাষায় মানুষের সঙ্গে যোগাযোগ

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৯ শিক্ষার্থী ইতালীয় নৃত্যশিল্পীদের সঙ্গে মঞ্চে অংশ নেন। এ প্রসঙ্গে মনিকা কাসাদেই বলেন, ‘আমরা শুধু নিজেদের নৃত্য দেখাতে এক দেশ থেকে অন্য দেশে যাই না। আমরা মানুষের সঙ্গে পরিচিত হতে চাই। অন্য দেশের নৃত্যশিল্পীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাই। নৃত্যের ভাষা হলো শরীরের ভাষা। এই ভাষার মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ করা যায়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় ইতালীয় দূতাবাসের উপপ্রধান ফেদেরিকো জামপারেল্লি। তিনি আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান। ফেদেরিকো বলেন, ‘চট্টগ্রামে আমাদের কোনো সাংস্কৃতিক ইনস্টিটিউট নেই। এখানে আমারও প্রথম আসা। শুরুতে বুঝতে পারছিলাম না, কীভাবে ইতালীয় নৃত্যশিল্পীদের এখানে নিয়ে আসব। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অধ্যাপক থমাস জেমস নিউবোল্ড শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বিষয় দেখভাল করেছেন। তাঁর বাংলা ভাষার দক্ষতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

অধ্যাপক থমাস জেমস নিউবোল্ডও আয়োজনের সঙ্গে যুক্ত ইতালীয় দূতাবাস, চট্টগ্রাম সিটি করপোরেশন, থিয়েটার ইনস্টিটিউট, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও নৃত্যদলের প্রতি কৃতজ্ঞতা জানান। বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক অভীক ওসমান বলেন, এটি দারুণ এক আয়োজন। আড়াই শ বছর আগে ফিগারো ছিলেন ক্ষমতাবানদের বিরুদ্ধে সাধারণ মানুষের বুদ্ধিমত্তার প্রতীক। মনিকা কাসাদেইয়ের প্রযোজনায় তিনি হয়ে উঠেছেন আধুনিক সময়ের কর্মব্যস্ত মানুষের প্রতিনিধি। যে মানুষকে প্রতিনিয়ত ছুটতে হয়, একসঙ্গে অনেক কাজ সামলাতে হয়, অন্যের সমস্যা সমাধান করতে হয়।